সৌদি আরবের কিং আবদুল আজিজ পাবলিক লাইব্রেরিতে হাজার বছরের পুরোনো পবিত্র কোরআনের একটি পাণ্ডুলিপি উন্মোচন করা হয়েছে। গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
চতুর্থ হিজরি শতাব্দীর এই পাণ্ডুলিপিটির মোট ২৩টি। ১৭ বাই ২২ সেন্টিমিটার আকৃতির এই পাণ্ডুলিপিটি অত্যন্ত স্পষ্ট আন্দালুসীয় লিপিতে লেখা হয়েছে। সূরাগুলোর নাম চমৎকার কুফিক লিপিতে অলঙ্কৃত করা হয়েছে।
পবিত্র কোরআন বিজ্ঞানের ওপর লেখা এই মূল্যবান পাণ্ডুলিপিটি এখন পর্যন্ত কোথাও প্রকাশিত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তারা বলছে, তাদের সংগ্রহশালায় কোরআনের ব্যাখ্যা এবং ভাষাতত্ত্বের ওপর কয়েক শতাব্দী পুরোনো বেশ কিছু বিরল পাণ্ডুলিপি রয়েছে।
কিং আবদুল আজিজ পাবলিক লাইব্রেরিতে কোরআনের ব্যাখ্যা সম্পর্কিত ১৮৫টিরও বেশি দুর্লভ পাণ্ডুলিপি রয়েছে। এছাড়া কোরআনের তিলাওয়াত, ব্যাকরণ এবং ব্যাখ্যার ওপর আরও শত শত প্রাচীন টেক্সট বা মূল পাঠ্য সংগৃহীত আছে।
লাইব্রেরি কর্তৃপক্ষ জানায়, তাদের মূল লক্ষ্য হলো বিরল পাণ্ডুলিপি, দলিল, আলোকচিত্র এবং মুদ্রা প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষকে প্রাচীন ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। পাশাপাশি এই অমূল্য প্রাচীন সম্পদগুলো গবেষকদের জন্য সহজলভ্য করে জ্ঞানচর্চায় নতুন দিগন্ত উন্মোচন করা।



