রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার ভোর ৩টা ৪৫ মিনিটের দিকে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।
শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে সহায়তায় সেনাবাহিনী-বিজিবি মোতায়েন করা হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর পেয়ে প্রথমে সাতটি ইউনিট পাঠানো হয় ঘটনাস্থলে। পরে আরও ১০টি ইউনিট সেখানে যোগ হয়।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের। এদিকে আগুন লাগার সাড়ে ৩ ঘণ্টা পরও মার্কেটের ভেতরে জ্বলছে আগুন। এলাকায় পানি সংকটের কারণে আগুন নিভাতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সরবরাহের জন্য এরইমধ্যে ওয়াসাকে খবর দেওয়া হয়েছে বলে জানান সংস্থাটির কর্মকর্তারা।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানিয়েছেন, সময় বাড়ার সঙ্গে সঙ্গে আগুনের তীব্রতাও বাড়ছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট।



