নির্মাতা রোহিত শেঠির পরিচালনায় আসছে জনপ্রিয় কপ ইউনিভার্স ‘সিঙ্গাম’-এর সিক্যুয়েল। ‘সিঙ্গাম এগেইন’ নামের এই ছবিতে দাপুটে পুলিশ কর্মকর্তার ভূমিকায় আছেন দীপিকা পাড়ুকোন। আজ প্রকাশ্যে এসেছে সেই ঝলক। প্রশংসায় ভাসছেন অভিনেত্রী।
রোববার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটির ফার্স্ট লুক প্রকাশ করে দীপিকা লিখেছেন, ‘পরিচিত হন শক্তি শেঠির সঙ্গে! সিঙ্গাম এগেইন।’
ফার্স্ট লুকে অগ্নিমূর্তি রূপে ধরা দিয়েছেন দীপিকা। যেখানে দেখা যাচ্ছে, রক্তাক্ত অবস্থায় একজনের মুখে পিস্তল ঠেকিয়েছেন অভিনেত্রী। পুলিশ ইউনিফর্মে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন হাস্যোজ্জ্বল ভঙ্গিতে। চারপাশে অসংখ্য মরদেহ ও গাড়ির ধ্বংসাবশেষ পড়ে আছে ছড়িয়ে-ছিটিয়ে। পেছনেই পুড়ছে একটি বহুতল ভবন। প্রকাশিত আরেকটি ছবিতে দেখা যায়, অভিনেত্রীর হাতের মুঠোয় পিস্তল, হাসিমুখে তাকিয়ে আছেন ক্যামেরার দিকে।
দীপিকার এই লুক প্রকাশ্যে আসতেই শোরগোল বলিউডে। ভক্তদের পাশাপাশি শুভেচ্ছায় ভাসিয়েছেন রণবীর, আলিয়া, জাহ্নবীরা। ‘লেডি সিঙ্গাম’ সম্বোধন করে অভিনেত্রীর স্বামী রণবীর লিখেছেন, ‘সে তো আগুন লাগিয়ে দিবে!’ পাশেই জুড়ে দিয়েছেন কয়েকটি আগুনের ইমোজি। এছাড়া লুকটি শেয়ার করে ইনস্টাগ্রামে রণবীর আরও লিখেছেন, ‘আলী রে আলী, লেডি সিঙ্গামওয়ালী! কপ ইউনিভার্সে এসে গেছে শক্তি শেঠি!’
গত আগস্টে এই ছবিতে দীপিকার অভিনয়ের বিষয়টি নিশ্চিত করে বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা। সূত্রের ভাষ্যানুসারে প্রতিবেদনে বলা হয়, ‘রোহিত শেঠির ‘সিঙ্গাম এগেইন’ নিয়ে দারুণ উচ্ছ্বসিত দীপিকা। তিনিই প্রথম কোনো অভিনেত্রী, যিনি রোহিতের কপ ইউনিভার্সে হাজির হচ্ছেন এবং এরইমধ্যে অ্যাকশনে ভরপুর এই সিনেমার প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। এতে তাঁর চরিত্রটি লেডি সিঙ্গামের, যিনি অজয় দেবগনের বোন।’
প্রসঙ্গত, ‘সিঙ্গাম এগেইন’ হতে যাচ্ছে রোহিত শেঠির কপ ইউনিভার্সের পঞ্চম ছবি। যেখানে মুখ্য চরিত্র ‘সিঙ্গাম’ রূপে অভিনয় করেছেন অজয় দেবগন। রয়েছেন দীপিকা পাড়ুকোন, সিদ্ধার্থ মালহোত্রা, শিল্পা শেঠি ও বিবেক ওবেরয়। আগামী বছরের আগস্টে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।


জয়া-প্রসেনজিতের সিনেমা নিয়ে লিখলেন অজয় দেবগন
চড় মেরেও বাঁচানো যাচ্ছে না বিয়ে বিচ্ছেদ!
