ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমুর লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মর্গে পাঠিয়েছে পুলিশ। তাঁর মৃত্যু ঘিরে দেখা দিয়েছে রহস্য। অভিনেত্রীর গলায় রশির দাগ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার উপ পরিদর্শক (এস আই) মাসুদা খাতুন জানান, বৃহস্পতিবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে অভিনেত্রীর লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী কলেজের মর্গে পাঠানো হয়েছে।
সুরতহাল শেষে তিনি বলেন, ‘অভিনেত্রীর পরিচিতরা তাকে হাসপাতালে এনেছিল। আমরা তাকে হাসপাতালেই পেয়েছি। এখানেই আমরা প্রাথমিকভাবে হুমায়রা হিমুর লাশের সুরতহাল করেছি। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল না, তবে তার গলায় রশির দাগ পাওয়া গেছে। সম্ভবত তিনি আত্মহত্যা করেছেন।’
তিনি আরও বলেন, ‘অভিনেত্রীর মৃত্যুর শতভাগ সঠিক কারণ জানা যাবে ময়নাতদন্তের পর। এ জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।’
এর আগে অভিনয় শিল্পী সংঘ'র আইন ও কল্যাণবিষয়ক সম্পাদক ও অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর জানান, মেকআপম্যান মিহির ও অভিনেত্রীর প্রেমিক তাকে হাসপাতালে নিয়ে আসেন। অভিনেত্রীর গলায় দাগ দেখে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশের সহায়তা নিতে চাইলে অভিনেত্রীর প্রেমিক পালিয়ে যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হিমুর মরদেহ রেখেই পালিয়ে যায় অভিনেত্রীর সেই বন্ধু। পুলিশ মিহিরকে (অভিনেত্রীর মেকআপ আর্টিস্ট) সঙ্গে নিয়ে হিমুর সেই যুবককে খুঁজছে। তার নাম জিয়াউদ্দিন রুফিয়া।
অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বলেন, ‘আত্মহত্যা নাকি হত্যা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আসলটা জানা যাবে। হিমুর বাবা-মা নেই। তার আত্মীয় স্বজনদের খবর দিলে তারা এখানে এসেছেন। তাঁদের সঙ্গে আলাপ করে দাফনের ব্যবস্থা করা হচ্ছে। এ ছাড়া শুক্রবার চ্যানেল আই প্রাঙ্গণে বাদ জুম্মা জানাজার ব্যবস্থা করা হয়েছে।’
হুমায়রা হিমু ১৯৮৫ সালের ২৩ নভেম্বর লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ইস্পাহানি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। হিমু ইডেন মহিলা কলেজে ভর্তি হন এবং এ কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে তিনি প্রথম নাট্য জগতে প্রবেশ করেন। ২০০৬-এ হুমায়রা হিমুর প্রথম নাটক ‘ছায়াবীথি’ প্রচারিত হয়। একই বছর পিআই (প্রাইভেট ইনভেস্টিগেটর) নামের একটি সিরিয়াল নাটকেও অভিনয় করেন। এরপরে তিনি ‘বাড়ি বাড়ি সারি সারি’, ‘হাউজফুল’, ‘গুলশান এভিনিউ’ সহ অনেক জনপ্রিয় নাটকে অভিনয় করেন।


অভিনেত্রী হুমায়রা হিমুর রহস্যজনক মৃত্যু
মৃত অভিনেত্রী হিমুকে রেখে পালিয়েছে প্রেমিক
