গত বছর একাধিক ইস্যুতে বিতর্কে জড়িয়েছেন ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক এআর রহমান। তার মধ্যে নতুন সুর-সংগীতে কাজী নজরুল ইসলামের ‘কারার ওই লৌহকপাট’ গানটি গেয়ে এ দেশেও তোপের মুখে পড়েছেন তিনি। তবে সেই সমালোচনা মুখর সময়ে সেভাবে সুরকারকে দেখেননি অনুরাগীরা। কোথাও কোনো মন্তব্যও করেননি তিনি। একেবারে চুপ ছিলেন।
তবে এবার নতুন বছরে শোনা গেল এআর রহমানের মন্তব্য। না, এবারেও সেই বিতর্কিত বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। সম্প্রতি একটি অনুষ্ঠানে ‘দ্য অক্সফোর্ড ইউনিয়ন ডিবেটিং সোসাইটি’র ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলেছেন গায়ক। তাঁদের সঙ্গে আলোচনা প্রসঙ্গে উঠে আসে অনেক ধরনের বিষয়।
সেখানেই এই সংগীত পরিচালক জানান, তাঁর মা শিখিয়েছিলেন, কীভাবে জীবনের ব্যর্থতার সম্মুখীন হতে হয়। দুঃসময়, নেতিবাচক ভাবনা থেকে বেরিয়ে আসা যায়। জীবনে একটা সময় নানা ধরনের উল্টোপাল্টা খেয়াল আসত তাঁর মাথায়।
মায়ের সেই কথাগুলো এখনও মননে ধরে রেখেছেন এআর রহমান। প্রতিটা পদক্ষেপে মায়ের পরামর্শ এখনও মেনে চলেন তিনি। রহমান বললেন, ‘ছোট বয়সে অনেক সময় নিজেকে শেষ করে ফেলার (আত্মহত্যা) ভাবনা এসেছে আমার মাথায়। সেই ভাবনা থেকে নিজেকে বের করার জন্য আমায় অনেক কষ্ট করতে হয়েছে। সে সময় মা আমায় বলেছিলেন, যখন আমি অন্যের জন্য বাঁচব তখন আর এসব ভাবনা আমার মাথায় আসবে না।’
গায়ক এ-ও জানালেন, স্বার্থপর না হয়ে অন্য কারও জন্য বাঁচলে তবেই সেটাকে জীবন বলে। কারও জন্য সুর বাঁধা কিংবা কারও জন্য খাবার কেনা—নিজের জন্য না ভেবে সবার কথা চিন্তা করলে নেতিবাচক ভাবনা মনকে প্রভাবিত করতে পারে না।


রহমানের সুরে ‘কারার ওই লৌহকপাট’ অনলাইন থেকে সরানোর নির্দেশ
যে গানের জন্য ‘অজু করতে’ বলেছিলেন এআর রহমান
