টিভি নাটকের জনপ্রিয় শিল্পী, কিন্তু মঞ্চনাটকটা ছাড়েননি। এমনকি বিভুঁইয়ে অনেকটা সময় কাটালেও দেশে ফিরলেই অভিনেত্রী বন্যা মির্জা থিতু হন মঞ্চে। এবারও তাই! সাত মাস যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকার পর দেশে এসেছেন এই শিল্পী।

ফিরেই নতুন মঞ্চনাটক ‘পারো’ নিয়ে ব্যস্ত! এটি দেশ নাটক-এর ২৫তম প্রযোজনা। নাটকটি লেখা ও নির্দেশনার কাজটি করেছেন মাসুম রেজা।
বন্যা মির্জা ইনডিপেনডেন্ট ডিজিটালকে জানান, নাটকটি নিয়ে নিয়মিত মহড়া করতে হচ্ছে। আগামী ২১ ও ২২ জানুয়ারি এর কারিগরি মঞ্চায়ন হবে আর ২৩ ও ২৪ জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটির প্রথম দুই মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।
জানা যায়, ‘পারো’ মূলত একটা মেয়ের গল্প; একক নারীর গল্প। কোভিডের সময় ভার্চ্যুয়ালি মহড়া হয়েছিল এর। এরপর ২০ দিনের প্রস্তুতিতে এটি মঞ্চে আসছে।
প্রসঙ্গত, দেশ নাটকে নিয়মিত কাজ করছেন এই অভিনেত্রী। একই নাট্যদলের হয়ে বন্যা মির্জাকে সর্বশেষ দেখা গেছে ‘জলবাসর’ নাটকে।



