জনপ্রিয় ‘গেমস অব থ্রোনস’ সিরিজের আলোচিত দুই তারকা সোফি টার্নার ও কিট হ্যারিংটন। এইচবিও’র ওই সিরিজে সৎ ভাইবোনের চরিত্রে দেখা গিয়েছিল তাঁদের। এবার আবারও ভক্তদের একসঙ্গে দেখা দিতে চলেছেন পর্দার সানসা স্টার্ক ও জন স্নো। ‘দ্য ড্রেডফুল’ নামে নতুন একটি ছবিতে পর্দা ভাগ করতে যাচ্ছেন তাঁরা। এটি পরিচালনা করছেন ‘লাকি’খ্যাত নির্মাতা নাতাশা কেরমানি। এই তথ্য জানিয়েছে বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ডেডলাইন।
পঞ্চদশ শতাব্দীর ‘ওয়ার অব দ্য রোজেজ’র পটভূমিতে নির্মিত হচ্ছে এই হররধর্মী সিনেমা। পুত্রবধূ অ্যান (সোফি) ও তার শাশুড়ির গল্পে এগিয়ে যাবে কাহিনি। যারা কিনা শহরের উপকণ্ঠে বিচ্ছিন্নভাবে জীবনযাপন করেন। কিন্তু তাদের পূর্ব পরিচিত এক ব্যক্তি (হ্যারিংটন) যখন ওই এলাকায় ফিরে আসে তখনই ঘটনা নাটকীয়ভাবে মোড় নিতে থাকে। যা শেষমেশ অ্যানের জন্য এক টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়।

সিনেমাটি প্রযোজনা করছে রেডওয়্যার পিকচার্স, স্টোরিবোর্ড মিডিয়া ও ব্ল্যাক ম্যাজিক। যুক্ত রয়েছেন প্রযোজক লুক ড্যানিয়েলস, প্যাট্রিক মুলডুন, প্যাট্রিক হিবলার, লুকাস জারচ ও গ্রেগ লরিতানো।
প্রসঙ্গত, জর্জ আর আর মার্টিনের কল্পকাহিনি নির্ভর উপন্যাস অবলম্বনে নির্মিত গেম অব থ্রোনস-এ সানসা স্টার্কের ভূমিকায় ছিলেন সোফি টার্নার এবং জন স্নো চরিত্রে কিট হ্যারিংটন। দুজনেই এতে অভিনয়ের সুবাদে প্রশংসায় ভেসেছেন। এমনকি এমি অ্যাওয়ার্ডেও মনোনয়ন পেয়েছিলেন।

সবশেষ টার্নারকে দেখা গেছে ‘ডু রিভেঞ্জ’ নামের একটি সিনেমায়। এ ছাড়া এইচবিও’র ‘দ্য স্ট্যায়ারকেস’ সিরিজেও ছিলেন তিনি। অন্যদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর অভিনীত ব্রিটিশ ক্রাইম সিরিজ ‘জোয়ান’। আর হ্যারিংটনকে সবশেষ ‘ব্লাড ফর ডাস্ট’ ও ‘বেবি রুবি’ নামের দুটি সিনেমায় দেখা গেছে।


বিচ্ছেদের পরই নতুন প্রেমে ‘গেম অব থ্রোনস’ তারকা সোফি
