রম্য রচনা

সরকারি আমলারা যাননি জাপান, মেশিন করেছে অভিমান!

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১১:১১ পিএম

কয়েকজন সরকারি কর্মকর্তা জাপান না যাওয়ায় এক অভূতপূর্ব সংকটের সৃষ্টি হয়েছে। ওই কর্মকর্তাদের মেশিন দেখতে যাওয়ার কথা ছিল উদীয়মান সূর্যের দেশে। মানে প্রস্তাব তেমনটাই ছিল। কিন্তু শেষে ফাইল আটকে যায়। আর এই সংবাদ জাপানে পৌঁছে যাওয়াতেই ঘটেছে ভয়ানক বিপত্তি!

এই ঘটনার সঙ্গে একেবারেই সংশ্লিষ্ট নন—এমন বিশেষঅজ্ঞদের দাবি, সরকারি আমলারা না যাওয়াতে অভিমান হয়েছে ৮ কোটি টাকা দামের মেশিনটির। এটুকু শোনার পরই সরস বিভাগের এই প্রতিবেদক প্রতিবাদ করে জানিয়েছিল, মেশিনের আবার অভিমান কীসের! তখন জানা যায়, চ্যাটজিপিটির মতোই সেই মেশিনেরও নাকি বুদ্ধিমত্তা তৈরি হয়েছে। এবং বাংলাদেশে আসার কথা শুনে ওই বুদ্ধির দৌড় শনৈ শনৈ গতিতে কেবল বেড়েই চলেছে! পাল্টা যুক্তি হিসেবে আরও বলা হয়েছে, মেশিন বলে কি মন থাকতে নেই!

এবার চলুন আসল ঘটনা সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। সংবাদমাধ্যমের খবরে প্রকাশ, কারিগরি শিক্ষাবোর্ডের ছাপাখানার জন্য সম্প্রতি আট কোটি টাকা দিয়ে একটি ছাপা মেশিন কেনার উদ্যোগ নেওয়া হয়। সেই মেশিন দেখতে কারিগরি বোর্ডের ৫ কর্মকর্তা যেতে চেয়েছিলেন জাপানে। এ সংক্রান্ত একটি প্রস্তাব বোর্ডের পক্ষ থেকে মন্ত্রণালয়ে পাঠানোও হয়। কিন্তু চূড়ান্ত অনুমোদন তা আর পায়নি। ফলে আটকে যায় জাপান ভ্রমণ।

মজার বিষয় হলো, এই ৫ কর্মকর্তার মধ্যে বেশির ভাগই হলেন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা বা আমলা। সবেধন নীলমণি প্রকৌশলী ছিলেন একজনই। আবার মেশিন অপারেটরদের কেউই এই তালিকায় অন্তর্ভুক্ত ছিলেন না। তা অবশ্য হতেই পারে। মেশিন দেখতেই তো যেতে চেয়েছিলেন তাঁরা, চালাতে তো আর না!

জাপানে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়ে এক অজ্ঞাত সূত্রের দ্বারস্থ হয়ে জানা গেছে, মেশিনটি এই দেখাদেখিকে বর–কনে দেখার মতো করে গ্রহণ করে ফেলেছিল! কিছুটা আবেগী হয়ে গিয়েছিল আর কি। এমনিতেই বাংলাদেশে যাওয়ার কথা শুনে মেশিনটির মধ্যে স্বয়ংক্রিয়ভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা জাগ্রত হয়ে গেছে। তার ওপর আবার, তাকে দেখতে আসছেন আমলারা—এমনটা শুনে মেশিনটি ভাবছিল, বিয়ের আগে বর–কনে দেখার মতো হয়তো তাকেও দেখতে আসছে বিপরীত পক্ষের আত্মীয়রা। ‘প্রেমের টানে জাপানি এখন ঢাকায়’ ঘরানার সংবাদের বিষয়বস্তু হওয়ার জন্যও মানসিকভাবে প্রস্তুত হয়ে গিয়েছিল মেশিনটি। কিন্তু এরপরেই আসে বাংলা সিনেমার সেই মর্মভেদী দৃশ্যের মতো হার্টব্রেকিং নিউজ। মন্ত্রণালয় যে জাপান ভ্রমণের চূড়ান্ত অনুমোদনের ফাইল আটকে দিয়েছে, সেই খবর ইন্টারনেটের বদৌলতে পৌঁছে যায় উদীয়মান সূর্যের দেশে। মেশিনটি আবার বাংলায় প্রকাশিত খবর গুগল ট্রান্সলেট করে জাপানি ভাষায় পড়েও ফেলে। এরপরই অভিমান গাঢ় হয়ে ওঠে। কিশোরীর গাল ফুলিয়ে অভিমানের মতো করে মেশিনটি এখন পুরোপুরি বেঁকে বসেছে। তার বডি এবং মনকে কোনোভাবেই বাগে আনা যাচ্ছে না!

প্রতীকী ছবিএদিকে এমতাবস্থায় মেশিন কেনার ঠিকাদারি প্রতিষ্ঠানটি নাকি নতুন উপায় খোঁজার চেষ্টায় আছে। আমলাদের বক্তব্যের বরাতে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গিয়েছিল, যে ঠিকাদার প্রতিষ্ঠান কাজ পেয়েছে, তারাই নাকি মেশিন দেখাতে নিয়ে যেতে চেয়েছিল। ওই যেমন কনে দেখার আগে, বরের আত্মীয়–স্বজন কনেপক্ষের বাড়ি দেখতে যায় তেমন। সেই পরিকল্পনা অনুযায়ী এন্তার মিষ্টি–সমুচার অর্ডারও দেওয়া হয়ে গিয়েছিল। এখন জাপান ভ্রমণ আটকে যাওয়ায় সেসব পরিকল্পনা ভেস্তে গেছে। সবচেয়ে বড় সমস্যা হলো, মেশিনের মন ভেঙে গেছে। এতে করে নাকি বাংলাদেশের ছাপাখানায় বসানোর পর ছাপার মান খারাপও হয়ে যেতে পারে। মন খারাপ থাকলে মেশিনের কত কিছুই তো হতে পারে, তাই না!

সেদিক থেকে একটি বিকল্প প্রস্তাবের কথা কান না পাতলেও শোনা যাচ্ছে। বলা হচ্ছে, মেশিনের অভিমান ভাঙাতে ওই ৫ সরকারি কর্মকর্তাকে যে করেই হোক জাপান পাঠানো প্রয়োজন। একমাত্র তারাই মেশিনের মন ভালো করে দিতে পারবেন। দাবি উঠেছে, যে কৃচ্ছতাসাধনের জন্য সফর আটকে দেওয়া হলো, প্রয়োজনে ডলার ছাপিয়ে হলেও তা আবার খুলে দেওয়া হোক। কারণ এতে পুরো মেশিন সমাজের কাছে বাঙালিদের ভাবমূর্তি হুমকিতে পড়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে মেশিনদের কাছে ছোট হওয়ার কোনো মানে হয় না। তাই এখনই এ বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। তা না হলে মানববন্ধনের মতো করে জাপানে ‘মেশিনবন্ধন’–এর মতো কর্মসূচী পালন করা হতে পারে। তাতে সমস্যা কমবে বৈ বাড়বে না!

সুতরাং, সুপ্রিয় পাঠক, বুঝতেই পারছেন যে জাপানি মেশিনের অভিমান বর্তমানে কঠিন রূপে পরিণত হয়েছে। এমন ডায়লগও শোনা যাচ্ছে যে—‘ডলার হারালে ডলার পাওয়া যায় রে, মেশিন হারালে মেশিন পাওয়া যায় না!’ এমতাবস্থায় আপনারা কোন পক্ষে যেতে চান, সেটি একান্তই আপনাদের ব্যাপার। তবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে চোখে–মুখে ভালোভাবে পানি ছেটানোর অনুরোধ রইল। কারণ ঘুম ঘুম ভাবের মধ্যে নেওয়া যে কোনো সিদ্ধান্তই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর!

কোনো দক্ষতা কখনও বৃথা যায় না, তবে সেই দক্ষতার অপব্যবহার আর অতিবিশ্বাস কখনও কখনও বিপদও ডেকে আনে! জাপানের জনপ্রিয় স্টান্টম্যান-অভিনেতা ইয়াসুতোমো ইহারার ক্ষেত্রে যেন তাই ঘটেছে! সিনেমার শুটিংয়ে রপ্ত...
ট্রাম্প ও মাস্ক–দুজনই খুবই উত্তেজিত। এই উত্তেজনার মধ্যেই শোনা গেল নতুন গুজব। ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্ক নাকি আরও কিছুদিন ঝগড়া চালিয়ে যেতে চান। এর জন্য আরও পেশাদার প্রক্রিয়ায় দুজনে ঝগড়া করতে চান।...
কথায় কথায় অনেকেই বলে, ‘আমি গরিব মানুষ’। সমস্যা হলো, সেই কথা আবার সকলে বিশ্বাস করে না। বন্ধুবান্ধব তো আরও করে না। কেউ মনে করে ফাঁপর নিচ্ছে, কেউ আবার মনে করে খরচ এড়ানোর জন্য ধান্দাবাজি। এর বাইরে...
বাংলাদেশের রাজধানী ঢাকার রাস্তায় দেখা গেছে ‘নতুন’ টেসলা! এই টেসলার গায়ে আবার লেখা আছে সাবধানবাণী। টেসলার লোগোর পাশের লেখাটি হচ্ছে—‘ সাবধান! আমি টেসলা’। এর পরেই আছে একটি অট্টহাসির ইমোজি। আর এমন ছবি...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর