অস্কারে আলোচিত

যে ফুলের বাগানে চলে নিষ্ঠুরতার চাষ

ছবিটির গল্প এগিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে। অশউইৎজ কনসেনট্রেশন ক্যাম্পের কমান্ড্যান্ট রুডলফ হস ও তাঁর স্ত্রী–সন্তানদের নিয়ে এগোয় কাহিনি।

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১১:১০ পিএম

সিনেমাটির একটি দৃশ্য। ছবি: আইএমডিবি থেকে নেওয়া

শুরুতেই কালো পর্দা। তাতে স্থানু হয়ে থাকতে হলো বেশ কিছু সময়। একসময় মনে হলো—স্ক্রিনে সমস্যা, নাকি সিনেমা চলা প্ল্যাটফর্মে! তখনই কানে বেজে উঠল নানা কিসিমের শব্দ। প্রত্যেকটি শব্দেরই আছে ভিন্ন ভিন্ন দ্যোতনা। সেসব স্ক্রিনে থাকা কালো পর্দাতেও কিছু অদৃশ্য অবয়ব গড়ে তোলে। আর তারপরই হুট করে চোখের সামনে ভেসে ওঠে ছবির মতো সুন্দর একটি বাগান, যেখানে মানুষের দেহভস্মের গুণে ফোটে লাল টুকটুকে ফুল!

এমনই এক আবহে শুরু হয় ‘দ্য জোন অব ইন্টারেস্ট’। পরিচালক জোনাথন গ্লেজারের এই সিনেমাটি সমালোচক মহলে বেশ আলোড়ন তুলেছে। গত কান উৎসবে জিতে নিয়েছে দুটি প্রধান পুরস্কারও। ন্যাশনাল বোর্ড অব রিভিউ ঘোষিত ২০২৩ সালের সেরা পাঁচটি আন্তর্জাতিক সিনেমার মধ্যে এটি একটি। বাফটায় তিন পুরস্কার জেতার পর এটি এবারের অস্কার আসরেও ৫টি বিভাগে মনোনয়ন পেয়েছে। সব মিলিয়ে ‘দ্য জোন অব ইন্টারেস্ট’–এর আগ্রহের জায়গা পুরস্কার, তা মুখ ফুটে না বললেও বোঝা যায়।

২০১৪ সালে প্রকাশিত মার্টিন অ্যামিসের লেখা একটি উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে ‘দ্য জোন অব ইন্টারেস্ট’। নির্মাতারা অবশ্য বলছেন, প্রকাশিত উপন্যাসের সাথে সিনেমার সংযোগ বেশ হালকা। তবে তাই বলে সুতোর সেই হালকা টান অস্বীকারের উপায় নেই।

একটি দৃশ্যে ক্রিস্টিয়ান ফ্রিদেল (বাঁয়ে), ছবিটি আইএমডিবি থেকে নেওয়া

ছবিটির গল্প এগিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে। অশউইৎজ কনসেনট্রেশন ক্যাম্পের কমান্ড্যান্ট রুডলফ হস ও তাঁর স্ত্রী–সন্তানদের নিয়ে এগোয় কাহিনি। এখানে বলে রাখা ভালো, রুডলফ হস কিন্তু বাস্তবের চরিত্র। তবে কাহিনি যে পুরোপুরিই বাস্তবিক, সেটি বলা যাবে না। অর্থাৎ, সত্যি ও ফিকশনের মিশেল আছে দারুণভাবেই।

গল্পে দেখা যায়, জার্মান কমান্ডার রুডলফ হস ও তাঁর স্ত্রী এডউইগ এমন একটি বাড়ি বানিয়েছেন কনসেনট্রেশন ক্যাম্পের পাশে, যেখানে ক্যাম্পের নিষ্ঠুরতার লেশমাত্র অনুভূত হয় না। রক্তভেজা কাদার পাশেই একটিমাত্র দেয়ালের তফাতে পাওয়া যায় সবুজ ঘাসের চত্বর। সেখানে দেখা যায় নানা রঙ–বেরঙের ফুল, মেলে পুষ্টিকর সবজি। এমনকি চিত্তবিনোদনের জন্য আছে সুইমিং পুলও। অথচ এর কয়েক হাত দূরেই শোনা যায় নির্যাতিতের তারস্বরে চিৎকার। বাতাসে ভেসে তা সুন্দর চত্বরে এলেও তা কারও কানে ঢোকে না, মাথায় তো আরও নয়। তাই রুডলফের বুটে থাকা রক্ত যখন জলে ধোয়া হয়, তখন তা আর রক্ত বলে বোধ হয় না। বরং সবুজ চত্বরের মহিমায় তা স্রেফ লাল রং বলে ভ্রম হয়।

সিনেমাটির পোস্টার। ছবি: আইএমডিবি থেকে নেওয়া

এই সিনেমায় যে সাউন্ড ডিজাইন করা হয়েছে, তা অভিনব তো বটেই, সেই সঙ্গে অনুপমও। আপনি যখন পর্দায় দেখছেন একটি চূড়ান্ত স্বাভাবিক পারিবারিক খাবারদাবারের আয়োজন, ঠিক তখনই চামচ–প্লেটের টুংটাং শব্দের সাথে সাথে আওয়াজ তোলে গুলির ঠুসঠাস। তার সঙ্গে কানে আসে সদ্য মৃতের সর্বশেষ দীর্ঘশ্বাস সংবলিত মৃদু স্বগতোক্তিও। এভাবে হস পরিবারের সদস্যরা মৃত্যুর পাশে বাস করেই অবলীলায় হাসি–আনন্দে দিন যাপন করে যায়। এর ব্যত্যয় রুডলফের স্ত্রী এডউইগের কাছে মৃত্যুর নামান্তর। তাই স্বামীর পদোন্নতিসংক্রান্ত বদলিও তাঁর কাছে বিষবৎ বোধ হয়।

নিষ্ঠুরতা ‘দ্য জোন অব ইন্টারেস্ট’–এর মূল উপজীব্য। এখানে নির্দয়তা এসেছে খুবই সূক্ষভাবে। কখনো জলকেলিরত ক্ষমতাবানদের হাতে ঠেকে পুড়ে যাওয়া মানুষের হাড়ের টুকরা। আবার কখনো অত্যন্ত স্বাভাবিকভাবে কথা বলতে বলতে একজনকে দিয়ে দেওয়া হয় পুড়িয়ে মারার হুমকি। এভাবেই আনন্দ উদযাপনের সম্মিলনেও প্রধান চরিত্রের মাথায় ঘোরে অংশগ্রহণকারী সবাইকে মেরে ফেলার উপায়ের অনুসন্ধান!

বলতেই হয় যে, এই সিনেমার স্টোরিটেলিং পুরোপুরি ভিন্ন ঘরানার। দৈর্ঘ্য খুব বেশি লম্বা না হওয়ায় বিরক্তিবোধ সৃষ্টির কোনো কারণ নেই। বরং কাহিনির কোনো ভিন্ন উপস্থাপন ধরা দেয় কিনা, সেই আশা মনে আগ্রহ জাগায় বারবার। আর পুরো ছবি দেখে শেষ করার পর তৃপ্তি হয় নতুন কিছু দেখতে পাওয়ার আশাপূরণে। কেবল এই একটি কারণেই আপনি দেখে ফেলতে পারেন ‘দ্য জোন অব ইন্টারেস্ট’। ব্যতিক্রমী কিছু প্রত্যক্ষ করার অভিজ্ঞতা যে হবেই, সেটি নিশ্চিত!

রেটিং: ৪.৭/৫
পরিচালক: জোনাথন গ্লেজার
চিত্রনাট্য: মার্টিন এমিস ও জোনাথন গ্লেজার
অভিনয়শিল্পী: ক্রিস্টিয়ান ফ্রিদেল, সান্দ্রা হুলার, জোহান কার্থাউস, লিল্লি ফল
ভাষা: জার্মান, পোলিশ, য়িদ্দিশ
ধরন: যুদ্ধ, ইতিহাস
মুক্তি: ১৫ ডিসেম্বর ২০২৩

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর