বান্দরবানের রুমা সদরের আক্রান্ত সোনালী ব্যাংকের ভল্টের টাকা অক্ষত আছে বলে জানিয়েছে সিআইডি। সংস্থাটি বলছে, চেষ্টা করেও টাকা লুট করতে পারেনি অস্ত্রধারীরা।
বুধবার বিকেল সাড়ে চারটায় সিআইডি চট্টগ্রাম অঞ্চলের বিশেষ পুলিশ সুপার শাহনেওয়াজ খালেদ ইনডিপেনডেন্টকে বলেন, ‘সিআইডি চট্টগ্রাম ও কক্সবাজারের ইউনিটের দুটি দল বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। পরে ব্যাংকের ভল্ট খুলে সব টাকা গুনে দেখা হয়। মঙ্গলবার রাখা ১ কোটি ৫৯ লাখ ৪৬ হাজার টাকা অক্ষত রয়েছে।’
শাহনেওয়াজ খালেদ জানান, দুটি চাবি একসঙ্গে দিয়ে ভল্ট খুলতে হয়। কোনো কারণে হয়তো অস্ত্রধারীরা তা খুলতে পারেননি।
মঙ্গলবার রাতে তারাবি নামাজের সময় বান্দরবানের রুমা শাখা সোনালী ব্যাংক ও আশেপাশের এলাকা ঘিরে ফেলে শতাধিক সশস্ত্র দুর্বৃত্ত। প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদ থেকে ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকে ধরে নিয়ে ব্যাংকের ভেতরে মারধর করে তারা। পরে তাকে অপহরণ করে নিয়ে যায়।
এ সময় ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত ১০ পুলিশ ও ৪ আনসার সদস্যকে নিরস্ত্র করে ৮টি চাইনিজ অটোমেটিক রাইফেল, ২টি এসএমজি, ৪টি শটগান ও ৪১৫ রাউন্ড গুলি ছিনিয়ে নেওয়া হয়। এ সময় ২ পুলিশ সদস্য আহত হন।
ঘটনার বর্ণনা দিয়ে এক ব্যাংক কর্মকর্তা বলেন, ‘আমাদের সামনে সশস্ত্র ইউনিফর্ম পরা কিছু লোক দাঁড়িয়ে ছিল। নামাজ শেষ করার সাথে সাথে বলে তোমরা কেউ নড়াচড়া কোরো না, চুপ করে বসে থাকো। পরে ম্যানেজারকে ধরে নিয়ে যায়।’
মঙ্গলবারের এ ঘটনার ১৬ ঘণ্টা পর থানচিতে আরও দুটি ব্যাংকে ডাকাতি হয়। থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন ইনডিপেনডেন্ট ডিজিটালকে জানান, বুধবার বেলা ১টার পর থানচির সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, সোনালী ব্যাংক থেকে ১৫ লাখ টাকার বেশি লুট হয়েছে। তবে কৃষি ব্যাংক থেকে লুট হওয়া টাকার পরিমাণ প্রায় আড়াই লাখ। এ ঘটনার পর বান্দরবানে বিভিন্ন উপজেলায় সোনালী ব্যাংকের ৬টি শাখা বন্ধ ঘোষণা করা হয়েছে।
রুমায় সোনালী ব্যাংকে হামলা, ম্যানেজারকে অপহরণ ও অস্ত্র লুটের ঘটনায় এরই মধ্যে অভিযান শুরু করেছে যৌথবাহিনী। ব্যাংকের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। ব্যাংক থেকে কী পরিমাণ টাকা লুট হয়েছে তার হিসাব করা হচ্ছে।
ব্যাংক কর্তৃপক্ষের ধারণা, জঙ্গি কুকি চীন সদস্যরা এ হামলা চালিয়েছে। তবে এ ঘটনায় কারা জড়িত, তা এখনও নিশ্চিত করেনি আইন শৃঙ্খলা বাহিনী।
বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, ‘এ নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে, গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। আমরা বিভিন্ন ভাবে ট্র্যাক করার চেষ্টা করছি যে তার অবস্থানটা কোথায়। আমরা আশা করছি ফলপ্রসু কিছু একটা হবে।’
জেলা পুলিশ সুপার সৈকত শাহীন বলেন, ‘তারা যে সোনালী ব্যাংকে ঢুকেছে এই চিহ্ন আমরা পেয়েছি। তবে এখানে কারা ছিল তা এই মুহুর্তে বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে এটা নিশ্চিত হওয়া যাবে।’
ব্যাংক থেকে কী পরিমাণ টাকা লুট হয়েছে, তা এখনও নিশ্চিত করা যায়নি। কর্মকর্তারা জানিয়েছেন, ভল্টের দরজার মধ্যে চাবি ভাঙ্গা অবস্থায় পাওয়া গেছে। ফরেনসকি টিম এসে ফিঙ্গার প্রিন্ট সংগ্রহের পর ভল্টের ভেতরের অবস্থা জানা যাবে।
এদিকে, বান্দরবানের রুমা ও থানচিতে ৩ ব্যাংকে ডাকাতির ঘটনায় নিষিদ্ধ গোষ্ঠী কুকি-চিনের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইদানিংকালে আমরা দেখছি আবারও মাথাচাড়া দিচ্ছে। এরই মধ্যে পুলিশ ও বিজিবি অভিযান শুরু করেছে। প্রয়োজন হলে সেনাবাহিনীও অভিযানে যোগ দেবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রুমাতে সাবস্টেশন বন্ধ করে তারা সোনালী ব্যাংকে যায়। সেইসময় পুলিশ এবং শৃঙ্খলার দায়িত্বে যারা ছিলো তারা তারাবির নামাজ পড়ছিল। আজকে থানচিতে কৃষি ব্যাংক ও সোনালী ব্যাংকেও তারা চেষ্টা করেছে। এটা প্রতিরোধে যা যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন সব ব্যবস্থা নেওয়া হবে। সব বিষয় দেখা হচ্ছে।’
আরও পড়ুন:


ব্যাংক ডাকাতির ঘটনায় নজর রাখছে বাংলাদেশ ব্যাংক
যেভাবে লুট হলো রুমার সোনালী ব্যাংক
মাথাচাড়া দিচ্ছে কুকি-চিন: স্বরাষ্ট্রমন্ত্রী
দুই বছর আগে ব্যাংক লুটের ঘোষণা দিয়েছিল কুকি–চিন 
