মোটরসাইকেলে বাসের ধাক্কায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক শিক্ষার্থী। সোমবার চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কে এ দুর্ঘটনা হয়।
নিহত দুই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী। এরা হলেন শান্ত সাহা ও তৌফিক হোসেন। এ ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরেক শিক্ষার্থী জাকারিয়া হিমু।
শান্ত নরসিংদী সদরের ৪ নম্বর ওয়ার্ডের কাজল সাহার ছেলে। আর তৌফিক হোসেন নোয়াখালীর সুধারামের ২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ দেলোয়ার হোসেনের ছেলে।
এ ঘটনায় বাসটি আটক করা হলেও চালক পালিয়েছেন।
শিক্ষার্থীরা বলছেন, শান্ত, তৌফিক ও হিমু একটি মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়েছিলেন। এ সময় তাদের মোটরসাইকেলটিকে শাহ আমানত লাইনের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে শান্ত ঘটনাস্থলেই মারা যান। আর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তৌফিকের।
এ ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা চুয়েটের সামনের সড়ক অবরোধ করেন। এ সময় শাহ আমানত লাইনের চারটি বাস আটক করে শিক্ষার্থীরা।



