কান চলচ্চিত্র উৎসবে ৯ বছর আগে প্রদর্শিত হয়েছিল জর্জ মিলার পরিচালিত সিনেমা ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’। এবার কানসৈকতেই ফিরে এসেছে এর বহুল প্রতীক্ষিত প্রিক্যুয়েল ‘ফিউরিওসা: অ্যা ম্যাড ম্যাক্স সাগা’। উৎসবে ধুন্ধুমার অ্যাকশনে ভরপুর এ চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার দেখে দর্শকরা টানা ৬ মিনিট করতালির মাধ্যমে অভিবাদন জানিয়েছে। খবর বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ডেডলাইনের।
বুধবার (১৫ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে প্রতিযোগিতার বাইরে ছিল এর প্রদর্শনী।
নির্মাতা জর্জ মিলারের এ সিনেমায় তরুণী ফিউরিওসা চরিত্রে অভিনয় করেছেন আনিয়া টেলর-জয়। দর্শকদের করতালির সময় তিনি ক্যামেরায় চুম্বন উড়িয়ে দেন। খলচরিত্রে দেখা গেছে ক্রিস হেমসওয়ার্থকে। দর্শকদের টানা অভিবাদন পেয়ে অশ্রুসজল দৃষ্টিতে তাকিয়ে ছিলেন অস্ট্রেলিয়ান এই তারকা।

দর্শকের উদ্দেশে সংক্ষেপে মিলার বললেন, ‘আমরা এই চলচ্চিত্রের জন্য খুব পরিশ্রম করেছি। কী বানিয়েছি তা দেখতে খুব আকর্ষণীয় হবে। আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।’
ক্রিস হেমসওয়ার্থ ও আনিয়া টেলর-জয় দুজনেই গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরের সামনে বিছানো লালগালিচায় পা রাখার আগে ঝকঝকে দামি গাড়ি থেকে নেমে সড়কের পাশে অপেক্ষমাণ অনেক ভক্তকে অটোগ্রাফ দিয়েছেন, তুলেছেন সেলফি। তবে ছেলেদের জন্য বাধ্যতামূলক ড্রেস কোড ভেঙেছেন সাদা টাক্সেডো জ্যাকেট পরা ‘থর’ তারকা ক্রিস হেমসওয়ার্থ। তিনি নিজের বো-টাই ভুলে অস্ট্রেলিয়ায় ফেলে এসেছেন!

প্রিক্যুয়েল হিসেবে ১৫-২০ বছর আগের গল্প থাকছে এই নতুন কিস্তিতে, যখন পৃথিবীতে পরিবেশ বিপর্যয়ের পর অল্প বয়সী মেয়ে ফিউরিওসাকে ছিনিয়ে নিয়ে যায় লুটেরা বাহিনী। কিন্তু সে হাল ছাড়ে না। অসংখ্য বিপজ্জনক শত্রুকে মোকাবিলা করে বর্জ্যভূমির মধ্য দিয়েই ঘরে ফেরার রুদ্ধশ্বাস সংগ্রাম চালিয়ে যায় মেয়েটি।
‘ম্যাড ম্যাক্স’ ফ্রাঞ্চাইজির পঞ্চম কিস্তি ‘ফিউরিওসা: অ্যা ম্যাড ম্যাক্স সাগা’। ওয়ার্নার ব্রাদার্সের পরিবেশনায় আগামী ২৪ মে আমেরিকায় মুক্তি পাচ্ছে এটি। সংশ্লিষ্টদের প্রত্যাশা—নতুন কিস্তি ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’-এর ৩৮ কোটি ডলার আয়কে ছাড়িয়ে যাবে। এর বাজেট ১৬ কোটি ৮০ লাখ ডলার।


পর্দা উঠছে ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের
শতবর্ষ আগের চলচ্চিত্রে কান ক্লাসিকসের উদ্বোধন
