মা হওয়ার পরে এই প্রথম প্রকাশ্যে এলেন বলিউড দীপিকা পাড়ুকোন। করলেন মজার এক কাণ্ড। পায়ে হেঁটে হাজির হলেন বলিউড অভিনেতা-গায়ক দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে। আর অনুষ্ঠানটি দীপিকার শহর বেঙ্গালুরুতে। দীপিকা হাজির না হয়ে পারেন?
এদিকে, বেঙ্গালুরুর ট্রাফিক মানেই আরেক ঝক্কি! ঘণ্টার পর ঘণ্টা কেটে যায় সেই জ্যামে। সেই একই সমস্যায় পড়েছিলেন দীপিকা। ট্রাফিক ছাড়ার অপেক্ষা করতে গেলে হয়তো দিলজিতের সঙ্গে আর দেখাই হত না। তাই তড়িঘড়ি নেমে পড়েন গাড়ি থেকে। বেঙ্গালুরুর সেই রাস্তা থেকে হেঁটেই পৌঁছন অনুষ্ঠানে। সঙ্গে ছিলেন দীপিকার কয়েকজন বন্ধুবান্ধব। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। ঘটনাটা গত শুক্রবারের (৬ ডিসেম্বর)।
দীপিকাকে এদিন দেখা যায় ভিন্ন রূপে। সেই টানটান মেদহীন চেহারার বদলে সদ্য মা হওয়া নায়িকা এখন খানিক পৃথুলা। কিন্তু ভাঁটা পড়েনি তাঁর সৌন্দর্যে। পরনে ঢিলেঢালা ডেনিম প্যান্ট ও ঢিলেঢালা টিশার্ট। খোলা চুল। গয়না বলতে কানে দুল ও হাতে ঘড়ি।
দর্শক আসনের সামনেই নেচেছেন। এমনকি মঞ্চেও পৌঁছে যান তিনি। দীপিকা সম্পর্কে দিলজিৎ বলে ওঠেন, ‘কত ভালো ভালো কাজ করেছেন। বড় পর্দায় ওঁকে আমরা দেখেছি। কখনও ভাবিনি, এত কাছ থেকে ওঁকে দেখব। কী মিষ্টি মানুষ! নিজের যোগ্যতায় বলিউডে জায়গা তৈরি করেছেন। ওঁকে অনেক ভালবাসা। আমার অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ।’


দাগ কাইটা রাখো, এই দাগির সাথে দেখা হবে ঈদে: নিশো
