চিত্রশিল্পী, গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী—এমন নানা অভিধায় পরিচিত শায়ান চৌধুরী অর্ণব। এবার তিনি হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। আসন্ন অমর একুশে বইমেলায় লেখক হিসেবে আত্মপ্রকাশ করছেন এই শিল্পী।
অর্ণবের প্রকাশিতব্য বইটির নামকরণ করা হয়েছে তাঁরই জনপ্রিয় একটি গানের নামানুসারে। ‘হোক কলরব’ শিরোনামে এটি প্রকাশ করছে কিংবদন্তী পাবলিকেশন। প্রচ্ছদ করেছেন অর্ণবের বাবা চিত্রশিল্পী স্বপন চৌধুরী।
বিষয়টি ইনডিপেনডেন্ট ডিজিটালকে নিশ্চিত করেছেন অর্ণব। জানা যায়, এটি মূলত গীতিকবিতার বই। যেখানে তাঁর লেখা ও সুর করা গানগুলো স্থান পেয়েছে। সঙ্গে থাকছে গান তৈরির পেছনের গল্প। পাশাপাশি প্রতিটি গানের ইংরেজি অনুবাদও যুক্ত করা হয়েছে।

বইটি প্রসঙ্গে একটি ভিডিওবার্তায় অর্ণব বলেন, ‘অনেকদিন ধরে ইচ্ছে ছিল সবার জন্য আমার সুর করা গানগুলো নিয়ে একটা বই বের করব ইংরেজি ট্রান্সলেশনসহ, যাতে আমার নতুন-পুরাতন সকল শ্রোতারা আমার গানগুলোর সাথে আরও বেশি রিলেট (সংযোগ স্থাপন) করতে পারে।’
বইটির মুখবন্ধে বলা হয়েছে, ‘একজন শিল্পীকে আলাদা করে তাঁর বায়োগ্রাফি লিখতে হয় না। নিজের তৈরি শিল্পের মধ্যে তাঁর জীবনের সমস্তটা লুকিয়ে থাকে। হোক কলরব বইটিও তেমন এক পরোক্ষ বায়োগ্রাফি, যেখানে গানের ভাষায় অর্ণবের জীবনটা গুটিগুটি অক্ষরে ছাপানো হয়েছে।’

প্রসঙ্গত, হোক কলরব বইটির দাম নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা। ইতিমধ্যে রকমারি ডটকমে এটির প্রি-বুকিং শুরু হয়েছে।
এদিকে, বর্তমানে নতুন অ্যালবামের কাজে ব্যস্ত সময় পার করছেন অর্ণব। চলতি বছরই তা প্রকাশ পেতে পারে। এ ছাড়া ক’দিন আগে অর্ণবের সংগীত পরিচালনায় প্রকাশিত হয়েছে ‘জন্ম আমার’ শিরোনামে নতুন একটি দেশাত্মবোধক গান। এটির মূল কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। নতুনভাবে এর সংগীতায়োজন করেছেন শুভেন্দু দাস শুভ। এতে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন সুস্মিতা আনিস ও অর্ণব।


খুনের হুমকি অর্ণবের স্ত্রী সুনিধিকে
নির্ঝরের ৬৩ গানের সংকলনে কুমার বিশ্বজিৎ, বাপ্পা ও অর্ণব
