ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা সোহেল মণ্ডল। বেশকিছু নাটকে সাবলীল অভিনয় দিয়ে আলোচনায় এসেছেন তিনি। ফলে সাম্প্রতিক সময়ে কিছুটা বুঝেশুনে পা ফেলছেন। ভালোবাসা দিবস উপলক্ষে তিনি সম্প্রতি অভিনয় করেছেন ‘সমুদ্রনীলা’ নামের একটি একক নাটকে। তাঁর বিপরীতে অভিনয় করেছে তরুণ অভিনেত্রী তানিয়া ইসলাম। সম্প্রতি কক্সবাজারের মনোরম লোকেশনে এর শুটিং হয়েছে।
আব্রাহাম তামিমের গল্প, চিত্রনাট্য ও সংলাপে নাটকটি পরিচালনা করেছেন ইমরান হাসান। এতে ‘সমুদ্র’ চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল। তিনি বলেন, ‘প্রেমের গল্পে নাটকটি নির্মিত হয়েছে। কক্সবাজারে ঘুরতে গিয়ে গল্পের নায়িকার সঙ্গে দেখা হয়। একটা সময় বুঝতে পারি আমরা পূর্বপরিচিত। এ থেকে দুজনের মধ্যে ভালোলাগা তৈরি হয়। ঘটতে থাকে নানা নাটকীয় ঘটনা। আশা করছি, ভালোবাসার গল্পের নাটকটি দর্শকদেরও ভালো লাগবে।’

‘লেডি বাইকার’ নাটকের মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছিলেন তানিয়া ইসলাম। এবার সমুদ্রনীলা তাঁর অভিনীত দ্বিতীয় নাটক।
রোমান্টিক জনরার নাটকটি নিয়ে আশাবাদী তরুণ এই অভিনয়শিল্পী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কাজটি করে দারুণ অভিজ্ঞতা হয়েছে। এবারই প্রথম রোমান্টিক গল্পে কাজ করেছি। নতুন হিসেবে সোহেল ভাই ও পুরো টিম বেশ সহযোগিতা করেছেন। আশা রাখি, আমাদের প্রথম জুটির নাটকটি সবার পছন্দ হবে।’
এদিকে, ইমরান হাসানেরও এটি প্রথম পরিচালিত নাটক। তিনি বলেন, ‘এর আগে আমি প্রযোজনা করলেও এবারই প্রথম নির্মাণ করেছি। গল্পটি যখন শুনি বেশ ভালো লাগে। তাৎক্ষণিক সিদ্ধান্ত নিই আমি পরিচালনা করব। নির্মাণে প্রথম হলেও আশা করি দর্শক কোনো ত্রুটি খুঁজে পাবে না। এ সময়ের দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই পরিচালনা করেছি। আশা করছি, নাটকটি সবার ভালো লাগবে।’
জানা গেছে, ভালোবাসা দিবস উপলক্ষে আজ বুধবার বারফি ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে সমুদ্রনীলা নাটকটি। এতে একটি গান ব্যবহার করা হয়েছে। ‘একটু আড়াল হলে’ শিরোনামের এই গানে কণ্ঠের পাশাপাশি সংগীতায়োজন করেছেন শাকির হোসেন রাজ।


নাঈম-নাদিয়ার ‘রান্নাঘরে’ তারকা দম্পতিরা
