মাদ্রিদে দিন ঘনিয়ে আসছে আনচেলত্তির

মে মাসেই দায়িত্ব ছেড়ে দেবেন, এ নিয়ে চূড়ান্ত বৈঠক কদিনের মধ্যে

আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ০৯:২৫ পিএম

কার্লো আনচেলত্তি রেয়াল মাদ্রিদ ছাড়তে যাচ্ছেন। কার্লো আনচেলত্তি ব্রাজিলের কোচ হতে যাচ্ছেন।

এ দুই খবর তো গত বছরও শোনা গেছে। তবে গত বছর শেষ পর্যন্ত মাদ্রিদের সঙ্গেই চুক্তি নবায়ন করে থেকে যান আনচেলত্তি। থেকে লাভ হয়নি, এই মৌসুমে মাদ্রিদ এরই মধ্যে চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়েছে, কোপা দেল রে-র ফাইনালে হেরেছে। আর ৫ ম্যাচ বাকি থাকা লিগে বার্সেলোনার চেয়ে পিছিয়ে আছে ৪ ম্যাচে।

সে কারণে আনচেলত্তির রেয়াল মাদ্রিদে চাকরি যাওয়া এবং ব্রাজিলের দায়িত্ব নেওয়া নিয়ে খবরে আবার সংবাদমাধ্যম সয়লাব। আজই বিখ্যাত সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়ে দিয়েছে, মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নিচ্ছেন আনচেলত্তি – এটা নিশ্চিত। আর ইএসপিএন এখন জানাচ্ছে, আগামী মে মাসে লিগে রেয়াল মাদ্রিদের শেষ ম্যাচের পরই ক্লাবটা ছেড়ে যাবেন আনচেলত্তি, এ ব্যাপারে মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেসের সঙ্গে আনচেলত্তির চূড়ান্ত বৈঠক হতে যাচ্ছে খুব শিগগির।

এই মাসের শুরুর দিকে আর্সেনালের কাছে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে হেরে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বাদ পড়ার পরই আনচেলত্তির চাকরি যাওয়ার গুঞ্জন শুরু হয়। গত শনিবার কোপা দেল রে-র ফাইনালে বার্সেলোনার কাছে মাদ্রিদের ৩-২ গোলে হারের পরই আনচেলত্তির বিদায় একরকম নিশ্চিত হয়ে গেছে। মাদ্রিদে আনচেলত্তির চুক্তির আরও এক বছর বাকি আছে ঠিকই, তবে মাদ্রিদ সভাপতি পেরেস কোচ ছাঁটাইয়ের ক্ষেত্রে কবেই-বা ওসবকে পাত্তা দিয়েছেন!

ইএসপিএন গত সপ্তাহেই জানিয়েছিল, ব্রাজিলের ফুটবল ফেডারেশন ও আনচেলত্তির প্রতিনিধিদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। আর আজ ‘সূত্রে’র কাছ থেকে পাওয়া খবর জানিয়ে লিখেছে, আগামী কয়েকদিনের মধ্যেই পেরেস বসবেন আনচেলত্তির সঙ্গে। যে বৈঠকের সিদ্ধান্ত এটাই আসতে পারে যে, রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে লিগে মাদ্রিদের শেষ ম্যাচের পর দায়িত্বটা ছেড়ে দেবেন আনচেলত্তি।

সান্তিয়াগো বের্নাবাউয়ের ক্লাবটিতে দুই দফায় তিনটি চ্যাম্পিয়নস লিগ ও দুটি লিগ শিরোপা জেতা আনচেলত্তি নিজেও যে মাদ্রিদে তাঁর শেষ দেখছেন, সেটা তাঁর গলার সুরে, নির্বাচিত শব্দে আঁচ পাওয়া গেছে গত কিছুদিনে।

গত শনিবার বার্সার বিপক্ষে স্প্যানিশ কাপের ফাইনালের পরই অবশ্য নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নে বলেছিলেন, ‘আমি (মাদ্রিদে) চালিয়ে যাব কি না, সেটা সামনের সপ্তাহগুলোতে ঠিক হওয়ার ব্যাপার, আজ এটা আলোচনার বিষয় নয়।’ এর আগে চ্যাম্পিয়নস লিগ থেকে মাদ্রিদের বিদায়ের প্রেক্ষিতে ১৯ এপ্রিল আনচেলত্তি বলেছিলেন, তিনি এবং ক্লাব মিলে ‘মৌসুমের শেষে সবদিক বিশ্লেষণ করবেন।’ আগামী জুন-জুলাইয়ে প্রথমবারের হতে যাওয়া ৩২ দলের ক্লাব বিশ্বকাপে মাদ্রিদের ডাগআউটে তিনিই থাকবেন কি না, সেটাও জানেন না বলেই সেদিন জানিয়েছিলেন আনচেলত্তি।

তা আনচেলত্তি মে মাসেই বিদায় নিলে জুন-জুলাইয়ে ক্লাব বিশ্বকাপে মাদ্রিদের ডাগআউটে কে থাকবেন? পাকাপাকিভাবেই এর মধ্যে কোনো কোচকে নিয়ে আসবে মাদ্রিদ, নাকি ক্লাব বিশ্বকাপের জন্য ‘খ্যাপে’র ভিত্তিতে কাউকে দায়িত্বটা দেবে? তাদের ‘সূত্র’ এ ব্যাপারে কিছু জানাতে পারেনি বলে জানাচ্ছে ইএসপিএন। তবে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোতে খবর, ক্লাবের ফুটবল বিভাগের পরিচালক ও খেলোয়াড়-কোচ দুই ভূমিকাতেই মাদ্রিদে দায়িত্ব পালন করা সান্তিয়াগো সোলারি, মাদ্রিদের যুবদল ‘কাস্তিয়া’র কোচ ও ক্লাবটির কিংবদন্তি স্ট্রাইকার রাউল গনসালেস আর ক্লাবের অনূর্ধ্ব-১৯ দলের কোচ ও সাবেক ডিফেন্ডার আলভারো আরবেলোয়ার মধ্যে কাউকে ক্লাব বিশ্বকাপের দায়িত্বটা দেওয়া হতে পারে।

 

বিশ্বকাপের বাকি মাত্র আর ১০ দিন। ইতোমধ্যে একাধিক দলই আয়োজক দেশেই পৌঁছে গিয়েছে। ৪৮ দলের বিশ্বকাপে সব দলই আলাদা আলাদা বেস ক্যাম্পে নিজেদের প্রস্তুতি সারবে। আর্জেন্টিনা গত ৩১ মে যুক্তরাষ্ট্রের কানসাস...
বিরতির পর এক সঙ্গে ১০টি পরিবর্তন আনেন আনচেলত্তি। ডিফেন্ডার লিও পেরেইরা বাদে সবাইকে বদলি করেন ব্রাজিল কোচ। একইসঙ্গে ফর্মেশন বদলে ৪-৩-৩ কৌশলে খেলতে থাকে সেলেসাওরা। এর ফলও পেয়ে যায় দ্রুতই।...
গোল্ডম্যান স্যাকসের মতে, আগামী ১১ জুন শুরু হওয়া বিশ্বকাপে স্পেনের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ২৬ শতাংশ। স্পেনের পরই ফ্রান্সকে রেখেছে গোল্ডম্যান। ২০১৮ এর পর আরেকবার শিরোপা জয়ের ক্ষেত্রে কিলিয়ান...
তবে এই চুক্তিতে একটা শর্তের কথা উল্লেখ করেছে বিবিসি। আগামী ৭ জুন রেয়াল মাদ্রিদের সভাপতি নির্বাচন শেষ না হওয়ার পর্যন্ত মরিনিওকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে না। সেখানেই শেষ নয়, ওই নির্বাচনে...
দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর অবশেষে সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল বুধবার রাত সোয়া ১০টায় কাশিমপুর কারাগার থেকে...
কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হয়েছেন। বুধবার কুয়েতে বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
শিশু রামিসা ধর্ষণ ও হত্যার মামলায় যুক্তিতর্ক উপস্থাপন হবে আজ বৃহস্পতিবার। আগামী সপ্তাহেই এ মামলার রায় হতে পারে। 
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
লোডিং...

এলাকার খবর