২০২৫ সালের মেট গালায় ছিল অনেক কিছুর জন্যই প্রথম। প্রথমবারের মতো পুরো প্রদর্শনীটি উৎসর্গ করা হয় কৃষ্ণাঙ্গ ডিজাইনারদের প্রতি। তহবিল সংগ্রহেও করে রেকর্ড। ৩০ মিলিয়ন ডলারের বেশি অনুদান ওঠে। তবে এত ইতিহাস গড়ার মাঝেও নজর কাড়ে এক বিশেষ মুখের প্রত্যাবর্তন। ২২ বছর পর আবারও মেট গালার সিঁড়িতে ফিরলেন সংগীতজগতের কিংবদন্তি, ডিসকোর রানি ডায়ানা রস।
২০০৩ সালের পর প্রথমবার মেট গালায় এলেন রস। সোমবার রাতে নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের লাল গালিচায় হাজির হন ৮১ বছর বয়সী এই শিল্পী। গায়ে ছিল হাতের কাজ করা আইভরি সাদা গাউন, সঙ্গে পালকে মোড়ানো বিশাল ট্রেন। সেই ট্রেনের দৈর্ঘ্য ছিল প্রায় ১৮ ফুট, যেটি বহন করতে হয় পাঁচজন সহকারীকে।

কিন্তু সবচেয়ে আবেগঘন ছিল গাউনের ভেতরের একটি সূক্ষ্ম কাজ। ভোগকে দেওয়া এক সাক্ষাৎকারে রস বলেন, ‘এই গাউনের কাপড়ে সেলাই করে লেখা আছে আমার সব সন্তানের নাম। আর আমার আট নাতি–নাতনির নামও আছে এতে।’ গাউনটিকে তিনি বলছেন ‘পারিবারিক গাউন, যা আজীবনের জন্য স্মৃতির অংশ হয়ে থাকবে।’
মায়ের সঙ্গে ছিলেন ছেলে ইভান রস। তিনি গাউনটির সহকারী ডিজাইনারও। পাশে দাঁড়িয়ে তিনি বলেন, ‘আমার মা-ই মেট গালা। ওনাকে ছাড়া এটা সম্পূর্ণ নয়।’ গাউনটির মূল ডিজাইন করেছেন নাইজেরিয়ান ফ্যাশন ডিজাইনার উগো মোজি। যিনি ‘ইলেভেন সিক্সটিন’ নামের ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘পরিবার, ঐতিহ্য, উত্তরাধিকার, এই তিনটি শব্দ দিয়েই এই মুহূর্তকে ব্যাখ্যা করা যায়।’
গাউনের নিচে রস পরেছিলেন ঝকঝকে ক্রিস্টালের কাজ করা গাউন। কানে ছিল ঝাড়বাতির মতো বড় দুল, মাথায় পালকে মোড়া বিশেষ হ্যাট। যেটি তৈরি করেছেন লস অ্যাঞ্জেলেসভিত্তিক ডিজাইনার সারাহ সোকল।
সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই উপস্থিতির পেছনে ছিল না কোনো দীর্ঘ পরিকল্পনা। রস বলেন, ‘আসলে একদম শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিই। আমার ছেলে জোর করেই বলল, ‘মা, তোমার যেতেই হবে।’


মেট গালা ২০২৫: সব্যসাচীর পোশাকে নিজস্ব ভঙ্গিমায় শাহরুখ খান
প্রিন্সেস ডায়ানার সাহসী ফ্যাশন, মেট গালায় রাজকীয় প্রতিশোধের বার্তা
