নিউইয়র্কের মেট গালার লাল গালিচায় প্রথমবারের মতো পা রাখলেন বলিউডের বাদশা শাহরুখ খান। গায়ে ছিল সব্যসাচীর নকশা করা কালো রাজকীয় পোশাক, গলায় চেন আর গয়না, হাতে ঝকঝকে ছড়ি, সব মিলিয়ে যেন মোহময় এক উপস্থাপনা।
সোমবার রাতে নিউইয়র্কে অনুষ্ঠিত হলো ফ্যাশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ অনুষ্ঠান, মেট গালা। আর সেখানেই অভিষেক হলো শাহরুখ খানের। প্রথমবার মেট গালার সিঁড়িতে পা দিয়েই যেন ঝড় তুললেন এই বলিউড সুপারস্টার। পোশাক, গয়না, ভঙ্গিমা, সবকিছুতেই ছিল অনবদ্য সৌন্দর্য আর আত্মবিশ্বাসের ছাপ।
সব্যসাচীর নিখুঁত ছোঁয়া
বিশেষ এই রাতে শাহরুখের পরনে ছিল ভারতীয় ডিজাইনার সব্যসাচী মুখার্জীর ডিজাইন করা কালো রঙের একটি ক্লাসিক টেইলকোট। তার সঙ্গে ছিল উচ্চ কোমরযুক্ত প্যান্ট আর কালো শার্ট। পুরো পোশাকেই ছিল সূক্ষ্ম কারুকাজ। যার প্রতিটি সেলাইয়ে যেন মিশে ছিল রাজকীয় ঐতিহ্য আর আধুনিকতার সংমিশ্রণ।

গয়নার জৌলুশে আলোকিত
শুধু পোশাকেই নয়, গয়নাতেও ছিল আভিজাত্যের ছাপ। গলায় একাধিক স্তরে গয়না, যার কেন্দ্রে ছিল একটি বড় আকৃতির ‘কে’ অক্ষরের পেনড্যান্ট। সম্ভবত এটা ‘কিং খান’ উপাধির প্রতীক। হাতে একাধিক আংটি, চোখে কালো সানগ্লাস আর হাতে ধরা ছিল সিংহমুখ বিশিষ্ট একটি ছড়ি। সবমিলিয়ে যেন এক আধুনিক রাজপুত্র।
নিজস্ব স্টাইলে ‘ড্যান্ডি’ লুক
মেট গালার এবারের থিম ছিল ‘সুপরফাইন: টেইলরিং ব্ল্যাক স্টাইল’। সেই থিমের সঙ্গে দারুণভাবে মানিয়ে নিয়েছেন শাহরুখ। তাঁর লুক ছিল একদিকে অভিজাত, অন্যদিকে অভিনব। এক কথায় ‘ড্যান্ডি’।
স্টাইল আইকন হয়ে উঠলেন শাহরুখ
শাহরুখ খান সব সময়ই নিজের স্টাইল ও উপস্থিতির জন্য পরিচিত। এবার মেট গালায় তার অভিষেক প্রমাণ করল। তিনি শুধু ভারতের নয়, গোটা বিশ্বের একজন স্টাইল আইকন। এই রাজকীয় উপস্থিতি মনে করিয়ে দিল, বয়স যতই হোক। স্টাইলের দিক থেকে এখনো তিনিই ‘কিং’।
তথ্যসূত্র: টাইমস নাউ


প্রিন্সেস ডায়ানার সাহসী ফ্যাশন, মেট গালায় রাজকীয় প্রতিশোধের বার্তা
মেট গালায় ঠোঁট ফিলার থেকে ফ্যাট ট্রান্সফার সবই করেন তারকারা
