এক পাত্রেই জমজমাট রান্না, তাতে মাটন, সুগন্ধি চাল, ক্যারামেল করা গাজর আর বাদাম-কিশমিশ—এই আফগানি পোলাও যেন রাজকীয় স্বাদে ঠাসা এক খাবার। গন্ধে ভরবে রান্নাঘর, স্বাদে তৃপ্ত হবে মন। ঘরোয়া আয়োজন হোক কিংবা অতিথি আপ্যায়ন, এই রেসিপি একবার খেলে মনে থাকবে বহুদিন। এই পালাওয়ের বিশেষত্ব হলো, এর প্রতিটি স্তরেই স্বাদ আর সুবাসের আলাদা আলাদা ছোঁয়া। রইল রেসিপি।
যা যা লাগবে
- ঘি ১/২ কাপ
- গাজর (পাতলা লম্বা কাটা) ১ কাপ
- ব্রাউন সুগার ১/২ টেবিল চামচ
- কিশমিশ ১/৪ কাপ
- পেঁয়াজ কুচি ১টি (মাঝারি)
- সবুজ এলাচ ৪-৫টি
- জিরা ১ চা-চামচ
- দারচিনি ২ টুকরো
- বড় এলাচ ২টি
- মাটন (বড় টুকরা) ৭৫০ গ্রাম
- আদা-রসুন বাটা ১ টেবিল চামচ
- গুঁড়া গোলমরিচ ১/২ চা-চামচ
- হিমালয়ান পিঙ্ক সল্ট ১/২ টেবিল চামচ
- পানি ৫-৬ কাপ
- চিকেন কিউব ১টি (ঐচ্ছিক)
- পোলাওয়ের চাল ৫০০ গ্রাম (২ ঘণ্টা ভিজিয়ে রাখা)
- ভাজা বাদাম পরিবেশনের জন্য
যেভাবে রান্না করবেন
প্রথমে হাঁড়িতে ঘি গরম করে তাতে গাজর ও ব্রাউন সুগার দিয়ে নাড়তে হবে ১-২ মিনিট, যতক্ষণ না হালকা ক্যারামেলাইজ হয়। এরপর কিশমিশ দিয়ে আরও এক মিনিট ভেজে তুলে রাখতে হবে।
একই হাঁড়িতে এবার কুচি পেঁয়াজ দিয়ে দিন, নরম হয়ে এলে এলাচ, জিরা, দারচিনি আর বড় এলাচ দিয়ে দিন। মসলা মেশানো হয়ে গেলে মাটন দিয়ে নাড়তে থাকুন যতক্ষণ না রঙ বদলায়। এরপর দিন আদা-রসুন বাটা, গোলমরিচ, লবণ আর মাঝারি আঁচে রান্না করুন আরও কিছুক্ষণ।
এবার দিন পানি ও চিকেন কিউব। ঢেকে দিয়ে কম আঁচে রান্না করুন প্রায় ৪৫ মিনিট, যতক্ষণ না মাংস নরম হয়ে যায়। এরপর মাংস আলাদা করে তুলে রাখুন। চালে পানি ঝরিয়ে সেই ঝোলেই দিয়ে দিন চাল। মাঝারি আঁচে রান্না করুন যতক্ষণ না পানি খানিকটা শুকিয়ে আসে। এরপর ঢেকে দিয়ে ৪-৫ মিনিট রান্না করুন, যাতে চাল ৮০ শতাংশ সেদ্ধ হয়।
এবার ওপরে দিন মাংস, কিশমিশ আর গাজর (অর্ধেকটা গার্নিশিংয়ের জন্য রেখে), ঢেকে দিন আর দমে দিন ১০-১২ মিনিট। পরিবেশনের সময় ওপরে ছড়িয়ে দিন বাকি গাজর, কিশমিশ ও ভাজা বাদাম। সঙ্গে রাখুন ঠান্ডা রায়তা আর টক দইয়ের সালাদ।


ছুটির দিনে রান্না করুন ভিন্ন স্বাদের ডাল বিরিয়ানি, রইল রেসিপি
