রাজধানীর মিরপুরের রূপনগরে কেমিক্যালের গোডাউন ও পোশাক কারখানায় লাগা আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হচ্ছে, মঙ্গলবার রাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিশ্চিত করেছে।
এর আগে, মঙ্গলবার বেলা ১১টা ৪০ নাগাদ আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক তাজুল ইসলাম বিকেলে এক ব্রিফিংয়ে বলেন, ‘ভবনের গার্মেন্টস অংশে ১৬টি মরদেহ পাওয়া গেছে। অতিরিক্ত বিষাক্ত গ্যাসের কারণে তারা ভবনের নীচে নামতে পারেননি। ছাদের দিকের দরজা তালাবদ্ধ থাকায় উপরেও যেতে পারেননি। দুতলা ও তিনতলায় মারা গেছেন। মরদেহের অবস্থার কারণে ডিএনএ টেস্ট ছাড়া শনাক্ত করা সম্ভব নয়।’
তিনি আরও বলেন, ‘মরদেহগুলো ঢামেক হাসপাতালে নেওয়া হচ্ছে। আমরা গার্মেন্টস অংশে তল্লাশি শেষ করেছি। তবে কেমিক্যাল গোডাউনে এখনও ঢুকতে পারিনি, কারণ তা নিরাপদ নয়। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আছে, তবে কেমিক্যালের কারণে এখনো বিষাক্ত ধোঁয়া নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না।’


মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক
