পুলিশের বাধায় জাতীয়করণের দাবিতে ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের কর্মসূচি পণ্ড হয়েছে। বুধবার আন্দোলনরত শিক্ষকরা জাতীয় প্রেসক্লাব থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদের বাধা দেয় পুলিশ। এ সময় শিক্ষকদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
এ সময় বেশ কয়েকজন শিক্ষক ও গণমাধ্যমকর্মী আহত হন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
আন্দোলনকারী শিক্ষকরা জানান, তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের জন্য কয়েক মাস আগে সরকার প্রতিশ্রুতি দিলেও কোনো অগ্রগতি হয়নি। বাধ্য হয়ে দেশের প্রায় সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক প্রতিনিধিরা গত ১৭ দিন ধরে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। দুপুরে সেখান থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাওয়ার সময় পুলিশ তাদের আটকে দেয়।
শিক্ষকরা আরও জানান, প্রেসক্লাব থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাওয়ার সময় পুলিশ তাদের বাধা দেয়। এরপর তারা ব্যারিকেড ভেঙে সচিবালয়ের দিকে এগোতে থাকেন। এ পর্যায়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় টিয়ার গ্যাস ও লাঠিচার্জে কয়েকজন শিক্ষক আহত হন বলেও জানান তারা।
এ বিষয়ে পুলিশের রমনা জোনের উপকমিশনার মাসুদ আলম বলেন, ‘বেশ কয়েক দিন ধরেই শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলছে। এতে কোনো বাধা দেওয়া হয়নি। কিন্তু দুপুরে হঠাৎ সচিবালয় ঘেরাও করতে গেলে নিরাপত্তার জন্য পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ব্যবস্থা নেয়। কাউকে উদ্দেশ্য করে লাঠিচার্জ করা হয়নি।’



