ঢালিউডের এই সময়ের সবচেয়ে আলোচিত নির্মাতা রায়হান রাফী আবারও ফিরছেন বড়পর্দায়। প্রতিটি নতুন কাজেই নিজেকে ছাড়িয়ে যাওয়া এই নির্মাতার আসন্ন ঈদুল ফিতরের সিনেমা নিয়ে ভক্তদের দীর্ঘদিনের কৌতূহল। অবশেষে সেই অপেক্ষার ইতি টানছেন তিনি। আসন্ন ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে নতুন সিনেমার শুটিংয়ে নেমেছেন রাফী।
সবচেয়ে বড় চমক, এবার তিনি হাজির হচ্ছেন নারীপ্রধান গল্প নিয়ে। সিনেমার নাম ‘প্রেশার কুকার’।
এই সিনেমার কেন্দ্রবিন্দুতে থাকছেন দুই জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী ও নাজিফা তুষি। তাঁদের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মারিয়া শান্ত ও সিগ্ধা চৌধুরীকে।
সিনেমাটির নামের মধ্যেই রয়েছে গল্পের গভীর ইঙ্গিত। ‘প্রেশার কুকার’ এখানে শুধু একটি রান্নার পাত্র নয়, বরং নারীর জীবনের প্রতীক। সমাজের চাপ, সম্পর্কের টানাপোড়েন, না-বলা ক্ষোভ আর ভেতরে জমে থাকা বিস্ফোরণের গল্পই উঠে আসবে পর্দায়।
ইতিমধ্যে ঢাকায় পুরোদমে শুটিং শুরু হয়েছে। নাজিফা তুষি শুরু থেকেই নিয়মিত শুটিং করছেন। শবনম বুবলী গতকাল (৫ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে শুটিংয়ে যোগ দিয়েছেন।
এদিকে সিনেমার একটি গুরুত্বপূর্ণ পুরুষ চরিত্র নিয়েও আলোচনা চলছে। ইন্ডাস্ট্রি সূত্রে শোনা যাচ্ছে, এই চরিত্রে দেখা যেতে পারে জাহিদ হাসান অথবা চঞ্চল চৌধুরীকে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
পরিচালক রায়হান রাফীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সরাসরি কিছু বলতে চাননি। তবে পুরো বিষয়টি অস্বীকারও করেননি, যা সিনেমাটি নিয়ে আগ্রহ আরও বাড়িয়েছে। একইভাবে নাজিফা তুষিও জানিয়েছেন, আনুষ্ঠানিক ঘোষণা প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই আসবে।
উল্লেখ্য, সম্প্রতি ওটিটিতে রাফীর ‘নূর’ ও ‘অমীমাংসিত’ মুক্তি পেলেও সেগুলো তেমন আলোচনায় আসেনি। ফলে দর্শকের চোখ এখন বড়পর্দার রাফীর দিকে। আর সেই প্রত্যাবর্তনে বুবলী–তুষির নারীশক্তির গল্প ‘প্রেশার কুকার’ কতটা আলোড়ন তুলতে পারে—সেটাই এখন দেখার অপেক্ষা।


চার সিনেমায় ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’খ্যাত তোরসা
