নিরাপত্তা ঝুঁকির কারণে মধ্যপ্রাচ্যগামী আরও ২৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
ইরানে মার্কিন-ইসরায়েলের যৌথ হামলার কারণে বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করায় বিপাকে পড়েছে বাংলাদেশের প্রবাসী যাত্রীরা।
রোবকাল সকালে সরেজমিনে ঢাকার শাহজালাল আন্তর্জতিক বিমানবন্দরের দেখা যায়, শনিবারের মতো যাত্রীদের ভোগান্তির চিত্র। নিরাপত্তা ঝুঁকির কারণে শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট নয়, দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইট স্থগিত করা হয়েছে। এতে বেশ বিড়ম্বনায় পড়েছেন যাত্রীরা। ফ্লাইট চালু হওয়ার নির্দিষ্ট সময় না জানানোই হতাশায় বিমানবন্দরে অবস্থান করতে দেখা গেছে অনেক যাত্রীকে। অনেকের ভিসার মেয়াদ না থাকায় পড়ছে অনিশ্চয়তার মুখে।
তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, আকাশপথ নিরাপদ হলেই ধাপে ধাপে ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু করা হবে।
এদিকে মধ্যপ্রাচের কয়েক দেশের ফ্লাইট বাতিল বা স্থগিত হলেও নির্বিঘ্নে যেতে পারছেন ইউরোপসহ অন্যান্য অঞ্চলের যাত্রীরা।
শনিবার থেকে ইরানে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এ নিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।



