ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে আরও তিনজন। রোববার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা হয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে আরও একজনের মৃত্যু হয়।
মহিপাল হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আসাদুল ইসলাম বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী-রামপুর এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি লেনের কাজ চলছিল। এসময় একটি অ্যাম্বুলেন্স ধীর গতিতে পার হচ্ছিল। শ্যামলী পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে পেছন থেকে ধাক্কা দেয়।’
আসাদুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় বাসের সুপারভাইজার ও অ্যাম্বুলেন্সের চালকের কথা কাটাকাটি শুরু হলে পেছনে মোটরসাইকেল ও আরও কিছু বাসের জটলা লেগে যায়। তার কিছুক্ষণ পর বেপরোয়া গতীতে আসা দোয়েল পরিবহনের একটি বাস জটলার মধ্যে ধাক্কা দেয়। এতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে একজন মোটরসাইকেল আরোহী, বাসের সুপারভাইজার ও একজন যাত্রী নিহত হয়। তিনজন আহত হয়। নিহতদের লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে রয়েছে। এখন পর্যন্ত কারও নাম–পরিচয় জানা যায়নি।’



