আর্থসেট ও সূর্যগ্রহণের ছবি প্রকাশ করল নাসা

চাঁদের খুব কাছ দিয়ে মানুষের যাত্রা, ইতিহাসের পাতায় নতুন অধ্যায় যোগ করল নাসার আর্টেমিস-২ মিশন। বহুল প্রতীক্ষিত এই অভিযানে মহাকাশচারীরা চাঁদের মাত্র ৪,০৬৭ মাইল দূর দিয়ে উড়ে যান। আর ধারণ করেন বিরল সব ছবি।

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০২:৪১ পিএম

ইতিহাসের পাতায় এটি স্থান করে নেওয়ার মতো এক মুহূর্ত। নাসার আর্টেমিস-২ মিশন গতকাল চাঁদের প্রত্যাশিত ফ্লাইবাই সম্পন্ন করেছে। ওরিয়ন ক্যাপসুলে করে চার নভোচারী চাঁদের মাত্র ৪,০৬৭ মাইলের মধ্যে চলে এসেছিলেন।

চাঁদের অন্ধকার দিকের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় তারা পৃথিবী থেকে প্রায় ২,৫২,৭৫৬ মাইল দূরে ছিলেন। এটি অ্যাপোলো-১৩-এর রেকর্ড ভেঙে মানুষের সবচেয়ে দূরের মহাকাশযাত্রার নতুন রেকর্ড গড়েছে।

সাত ঘণ্টাব্যাপী এই ফ্লাইবাইয়ের সময় নভোচারীরা চাঁদের এমন সব দৃশ্য দেখেছেন। যা আগে কোনো মানুষের চোখে পড়েনি। তাদের দৃষ্টিকোণ থেকে চাঁদের রহস্যময় অন্ধকার দিকের প্রায় ২১ শতাংশ সূর্যের আলোয় আলোকিত ছিল।

প্রায় পাঁচ ঘণ্টা ধরে দুই শিফটে কাজ করে নাসার নভোচারী রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ এবং কানাডিয়ান স্পেস এজেন্সির জেরেমি হ্যানসেন প্রায় ১০ হাজার ছবি তুলেছেন।

চাঁদের পেছনে যাওয়ার সময় প্রায় ৪০ মিনিট যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। এ সময় তাঁরা ‘আর্থসেট’ দেখেছেন, পৃথিবী চাঁদের পেছনে ডুবে যাচ্ছে। যেটি ১৯৬৮ সালে অ্যাপোলো নভোচারীরা দেখেছিলেন।

ছবিতে চাঁদের পৃষ্ঠে অসংখ্য গর্ত স্পষ্ট। পৃথিবীর আলোকিত অংশে অস্ট্রেলিয়া ও ওশেনিয়ার ওপর মেঘের আস্তরণ দেখা গেছে, আর অন্ধকার অংশ রাতের আঁধারে ঢাকা।

আর্টেমিস বিজ্ঞান দল নভোচারীদের চাঁদের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য দেখার প্রশিক্ষণ দিয়েছিল, প্রাচীন লাভা প্রবাহ ও উল্কাপাতের গর্ত। আর্থসেটের এক ছবিতে তাঁরা হার্টজস্প্রুং বেসিন দেখেছেন, যা দুটি কেন্দ্রীয় বলয়ের মতো দেখাচ্ছে।

প্রায় পাঁচ ঘণ্টা ধরে পালাক্রমে কাজ করে চার মহাকাশচারী প্রায় ১০ হাজার ছবি তোলেন। ছবি: এক্স হ্যান্ডেল থেকে

তারা ওরিয়েন্টাল বেসিনের বলয়ও দেখেছেন, যা চাঁদের সবচেয়ে নবীন বড় উল্কাপাতের গর্তগুলোর একটি। এর আগে কোনো মানুষ চোখে এটি দেখেনি।

ওরিয়েন্টালের ১০টার অবস্থানে দুটি ছোট গর্ত। নভোচারীরা একটির নাম প্রস্তাব করেছেন ‘ইনটেগ্রিটি’, তাদের ওরিয়ন মহাকাশযানের নামে। অন্যটির নাম ‘ক্যারল’, কমান্ডার রিড ওয়াইজম্যানের স্ত্রী ক্যারল টেলর ওয়াইজম্যানের স্মরণে। নবজাতকের নিবিড় পরিচর্যা ইউনিটের নার্স ক্যারল ২০২০ সালে ক্যান্সারের সঙ্গে লড়াই করে মারা যান।

‘ক্যারল’ নামকরণের পর চার নভোচারী একে অপরকে জড়িয়ে ধরে কেঁদেছিলেন। হিউস্টনের নাসা মিশন কন্ট্রোলে নীরবতা পালন করা হয়।

ফ্লাইবাইয়ের পরবর্তী পর্যায়ে নভোচারীরা এক অসাধারণ সৌরগ্রহণ দেখেছেন। ওরিয়নের জানালা দিয়ে চাঁদকে পৃথিবী থেকে অনেক বড় দেখাচ্ছিল। চাঁদ সূর্যকে আড়াল করার সময় সূর্যের বাইরের বায়ুমণ্ডল ‘করোনা’ দৃশ্যমান হয়। নভোচারীরা এর ‘স্ট্রিমার’ বা ‘শিশুর চুল’-এর মতো গঠনগুলো দেখেছেন।

মহাকাশ থেকে গ্রহণের ‘টোটালিটি’ বা পূর্ণ আড়াল প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়েছে। যেখানে পৃথিবীতে এটি সাধারণত মাত্র কয়েক মিনিটের হয়। গ্রহণের সময় তারা মঙ্গল, শুক্র ও শনি গ্রহসহ তাঁরা এবং ‘আর্থশাইন’ দেখেছেন।

ফ্লাইবাই শেষে আর্টেমিস-২-এর কমান্ডার রিড ওয়াইজম্যান নাসা বিজ্ঞান দলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আপনারা আমাদের জন্য এমন উত্তেজনাপূর্ণ পর্যবেক্ষণ কর্মসূচি তৈরি করেছেন। কিছু সত্যিকারের মানবিক মুহূর্ত উপহার দিয়েছেন। আমরা ভালোভাবে প্রস্তুত ছিলাম। এটাই আমাদের সেরা কাজ।’

বিজ্ঞান কর্মকর্তা ড. কেলসি ইয়ং ক্রুকে বলেন, ‘আজকের মাধ্যমে আমরা ইতিমধ্যে অনেক বিজ্ঞান শিখেছি। আপনারা পুরো বিশ্বকে অনুপ্রাণিত করেছেন। আপনারা চাঁদকে আমাদের কাছে আরও কাছে নিয়ে এসেছেন।’

তোলা ছবিগুলো চাঁদ ও তার উৎপত্তি সম্পর্কে বিজ্ঞানীদের ধারণা সমৃদ্ধ করবে এবং ভবিষ্যৎ চন্দ্র অভিযানের ভিত্তি তৈরি করবে।

কানাডিয়ান নভোচারী জেরেমি হ্যানসেন নাসা প্রশাসক জারেড আইজ্যাকম্যানের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, ‘পৃথিবীকে মহাকাশ থেকে দেখলে যেমন ভিন্ন লাগে। চাঁদের অন্ধকার দিক থেকে পৃথিবীর দিকে তাকিয়ে মনে হচ্ছিল আমরা আর ক্যাপসুলে নেই। যেন চাঁদের অপর প্রান্তে সরাসরি চলে এসেছি। এটি মনকে নাড়িয়ে দিয়েছে। এক অসাধারণ মানবিক অভিজ্ঞতা। আমরা কৃতজ্ঞ।’

তথ্যসূত্র: সিএনএন

ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে টানা ১১ বছর বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগে মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা করেছেন আমেরিকার নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের আদালত। বুধবারের এ রায় দেশটির...
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিপুল বিনিয়োগের ওপর ভর করে আমেরিকার শেয়ারবাজারে তৈরি হয়েছে দীর্ঘমেয়াদি ঊর্ধ্বমুখী ধারা। তবে দেশটির আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ডেটা সেন্টার নির্মাণ নিয়ে...
সফলভাবে শেষ হলো নর্থ সাউথ ইউনিভার্সিটি ফার্মাসিউটিক্যাল ক্লাব (এনএসইউপিসি) ও ডিপার্টমেন্ট অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস’র যৌথ উদ্যোগে আয়োজিত ১৩তম মৌসুমের ‘এনএসইউ ফার্মাফেস্ট’। একইসঙ্গে...
বাংলাদেশে ক্যান্সারের ক্রমবর্ধমান বোঝা মোকাবিলায় পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তির শান্তিপূর্ণ প্রয়োগের মাধ্যমে একটি সমন্বিত, ন্যায়সংগত ও টেকসই ক্যান্সার চিকিৎসাব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত...
প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশকেন্দ্রে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। চীনের নভোচারীদের সঙ্গে তিনি শেনঝু টোয়েন্টি ফোর মিশনে অংশগ্রহণ করবেন। বুধবার চীনা সময় সকাল ৮টা ১৮ মিনিটে এই...
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত...
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির...
লোডিং...

এলাকার খবর