ঈদে মুক্তি পাওয়া রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘প্রেশার কুকার’ এখনও দর্শক ও সমালোচকদের আলোচনায়। চার নারীকে ঘিরে নির্মিত এই চলচ্চিত্রটি শুধু গল্প বা অভিনয়ের জন্য নয়, পর্দার বাইরের নানা ঘটনাও আগ্রহ বাড়িয়েছে।
ছবিতে শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত—এই চার নায়িকার উপস্থিতি শুরু থেকেই কৌতূহল তৈরি করে। তবে মুক্তির পর অভিনয়গুণে বিশেষভাবে দর্শকের নজর কেড়েছেন নাজিফা তুষি। একই সঙ্গে বুবলীর চরিত্র নিয়েও চলছে আলোচনা।
এর মধ্যেই নতুন তথ্য সামনে এসেছে, বুবলী যে চরিত্রে অভিনয় করেছেন, সেটির জন্য প্রথমে প্রস্তাব দেওয়া হয়েছিল ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসকে। কিন্তু তিনি সেই প্রস্তাবে সাড়া দেননি। ঘনিষ্ঠ সূত্রের দাবি, চরিত্রের উপস্থাপন ও গভীরতা তার পছন্দ হয়নি বলেই তিনি কাজটি ফিরিয়ে দেন। পরে সেই চরিত্রেই যুক্ত হন শবনম বুবলী।
এরপর আলোচনার অনেকটা অংশজুড়েই আছেন বুবলী।
এই ঘটনা নতুন নয়। কারণ এর আগেও অপু বিশ্বাসের ছেড়ে দেওয়া কাজ করেছেন বুবলী। বুবলীর ক্যারিয়ারের শুরুর দিকের আলোচিত সিনেমা ‘বসগিরি’তেও প্রথমে চুক্তিবদ্ধ ছিলেন অপু বিশ্বাস। পরে তিনি সরে দাঁড়ালে সেই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে বুবলীর। এছাড়া ‘রংবাজ’ সিনেমাকে কেন্দ্র করেও অপু বিশ্বাস ও বুবলীর মধ্যে সম্পর্কের টানাপোড়েনের আলোচনা দীর্ঘদিন ধরেই শোনা যায়। ফলে ‘প্রেশার কুকার’ ঘিরে নতুন এই তথ্য সামনে আসায় পুরোনো সেই প্রসঙ্গও আবার আলোচনায় এসেছে।
‘প্রেশার কুকার’ মূলত চার নারীর সংগ্রামের গল্প। ঢাকা শহরের নাগরিক জীবনের চাপ, সামাজিক দ্বন্দ্ব ও ব্যক্তিগত লড়াই—এই বাস্তবতার ভেতর দিয়ে চার নারীর ভিন্ন ভিন্ন যাত্রা তুলে ধরা হয়েছে এতে। ছবিটি নির্মিত হয়েছে ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে, প্রযোজনায় রয়েছেন ফরিদুর রেজা সাগর ও রায়হান রাফী।


বিয়ে করেছেন জুবিন নটিয়াল, পাত্রী কে জানলে অবাক হবেন
