বৈশাখের খরতাপে তপ্ত দুপুরে মুগ্ধতা ছড়াচ্ছে রঙিন ফুল। গ্রীষ্মের শুরুতে কৃষ্ণচূড়া, সোনালু, জারুল, কাঠ গোলাপ, কুরুচির পাশাপাশি নতুন করে দৃষ্টি কেড়েছে অপেক্ষাকৃত কম পরিচিত এক ফুল ‘লাল সোনাইল’। নামের সঙ্গে ‘লাল’ শব্দটি থাকলেও এর ফুলে ফুটে ওঠে কোমল গোলাপি আভা, যা দূর থেকেই পথচারীদের মুগ্ধ করে।
খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের হয়ে শহরের প্রবেশমুখ জিরো পয়েন্ট। এটি অতিক্রম করলেই চোখে পড়ে হর্টিকালচার পার্কের বিপরীতে অপরাজিতা বৌদ্ধ বিহারের সীমানা ঘেঁষে দাঁড়িয়ে থাকা লাল সোনাইল গাছটি। গাছটি এখন ফুলে ফুলে ভরপুর। ছাতার মতো বিস্তৃত ডালপালায় গুচ্ছ গুচ্ছ ফুল যেন প্রকৃতির নিজস্ব অলংকার হয়ে উঠেছে। চলতি পথে প্রায় সবার চোখ আটকে যায় এই অপরূপ দৃশ্যে।
উদ্ভিদটির বৈজ্ঞানিক নাম Cassia Javanica যা অনেকের কাছে ‘পিংক কাসিয়া’ বা ‘পিংক শাওয়ার’ নামেও পরিচিত।
বাংলাদেশসহ ভারত, মিয়ানমার ও ইন্দোনেশিয়ার মতো উষ্ণমণ্ডলীয় অঞ্চলে এ গাছ দেখা যায়। দ্রুত বর্ধনশীল এই গাছ প্রায় ১০ মিটার পর্যন্ত উঁচু হতে পারে এবং এপ্রিল থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত ফুলে ভরে থাকে।
২০২০ সালে খাগড়াছড়ি সড়ক বিভাগের তৎকালীন উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমকা গাছটি রোপণ করেন। তিনি বর্তমানে রাঙামাটি সড়ক বিভাগে নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত। তার উদ্যোগেই সড়কের পাশে সৌন্দর্য বৃদ্ধির জন্য জাকারান্ডা, লাল সোনাইল ও সোনালুসহ বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়।
এই কর্মকর্তা বলেন, ‘ফুলের রং পিংক হওয়ায় দূর থেকেই এটি দৃষ্টি আকর্ষণ করে। পাহাড়ি এলাকায় আগে থেকেই এ গাছ দেখা গেলেও এখন তা নতুনভাবে মানুষের নজর কাড়ছে।’
নিসর্গ বিষয়ক লেখক মোকারম হোসেন বলেন, ‘লাল সোনাইল গাছ দেখতে ছাতার মতো, আর ফুলের থোকাগুলো গ্রীষ্মের শুরুতে এক অপূর্ব সৌন্দর্য সৃষ্টি করে। ফুল প্রায় ৩ সেন্টিমিটার চওড়া, সুগন্ধি এবং এর পাপড়ির বিন্যাসও বেশ আকর্ষণীয়। প্রকৃতির রঙ, ফুল আর গ্রামীণ পথের প্রতি এই আকুলতা যেন আজকের লাল সোনাইলের রঙিন বিস্তারের সঙ্গে একাত্ম হয়ে যায়।’
তিনি আরও বলেন, নিসর্গবিদ দ্বিজেন শর্মা এই ফুলের নামকরণ করেন ‘লাল সোনাইল’। তার মতে, গ্রীষ্মের শুরুতে কচি পাতার সঙ্গে গোলাপি ফুলের মেলা প্রকৃতিকে এক ভিন্ন মাত্রা দেয়।
খাগড়াছড়ির পরিবেশ সুরক্ষার সংগঠন বায়োডাইভারসিটি কনজারভেশন সোসাইটি অব সিএইচটির সংগঠক সাথোয়াই মারমা বলেন, ‘এ সময় লাল সোনাইল বা ক্যাশিয়া জাভানিকাসহ বেশ কিছু ফুল ফুটে। সাম্প্রতিক সময়ে খাগড়াছড়ি শহরজুড়ে কৃষ্ণচূড়া, সোনালুর মতো লাল সোনাইলও মুগ্ধতা ছড়াচ্ছে। তবে গাছের সংখ্যা কম। তবে সৌন্দর্যের কারণে এই ফুল দারুণ জনপ্রিয় হচ্ছে। যদিও সৌন্দর্যে অনন্য, তবুও লাল সোনাইল এখনো তেমন বিস্তৃত নয়। কৃষ্ণচূড়া বা সোনালুর মতো সর্বত্র এর দেখা মেলে না।’
তিনি আরও বলেন, ‘গ্রীষ্মের এই সময়ে পাহাড়ের পথে পথে যেন হয়ে উঠেছে ফুলের মিছিল। আর সেই মিছিলে নতুন করে যোগ হওয়া লাল সোনাইল নিঃসন্দেহে প্রকৃতিপ্রেমীদের নতুন মুগ্ধতা।’


