‘শুরু থেকেই অনেক ড্রামা দেখছি আমরা সব প্লেয়াররা’

গতকাল বিপিএলে ইতিহাস হয়েছে। প্লেয়িং কন্ডিশনে লেখা আছে, বিপিএলের ম্যাচ একাদশে অন্তত দুজন বিদেশি ক্রিকেটার নিয়ে নামতে হবে দলগুলোকে। কিন্তু প্রথম কোনো দল হিসেবে কোনো বিদেশি ছাড়াই খেলতে নেমেছিল দুর্বার রাজশাহী।

মজার ব্যাপার, কোনো বিদেশি ছাড়া নেমে পয়েন্ট টেবিলের শীর্ষ দল রংপুর রাইডার্সকে হারিয়ে দিয়েছে রাজশাহী। ম্যাচ শেষে অধিনায়ক তাসকিন আহমেদ নাটকীয়তায় ভরপুর দিন নিয়ে আগ্রহ জানানো নানা মন্তব্য করেছেন।

বকেয়া বেতন নিয়ে চট্টগ্রাম পর্বের শুরুতেই একদিন অনুশীলন বয়কট করেছেন রাজশাহীর দেশি ক্রিকেটাররা। গতকাল অনুশীলন না, একদম ম্যাচই বয়কট করেছেন বিদেশিরা। এ ব্যাপারে তাসকিন বলেছে, ‘আজকে দিনের শুরু থেকেই অনেক ড্রামা দেখছি আমরা সব প্লেয়াররা। আমি যতটুকু শুনেছি টিম ম্যানেজমেন্ট থেকে নাকি টাকা নিয়েও রুমে নক করছে, বিদেশিদের কেউ দরজা খোলেনি। সবাই মিলে শুরুতে একটু আপসেট ছিল।’

অবশ্য দিনের শুরুতেও অন্য ঘটনা ঘটেছিল। সন্ধ্যায় ম্যাচ, এমন অবস্থায় সকালে হোটেল পরিবর্তন করেছে রাজশাহী। এ নিয়েও নানা কানাঘুষা চলছিল। তাসকিন এর ব্যাখ্যায় বলেছেন, ‘আমার জীবনেও নতুন অভিজ্ঞতা হলো। বুকিং দেওয়া ছিল শেরাটনে, পরে ওয়েস্টিনে। ওয়েস্টিনে নাকি সব রুম বুক হয়ে গেছে। চেঞ্জ করলাম হোটেল। আমাদের বোর্ড থেকে ফোন দিয়ে বলল, “এস। খেল অন্তত।’ বিদেশিদেরও বলেছে, “পেমেন্ট ইস্যু না তোমরা এস।”’

এর আগেও বকেয়া বেতন নিয়ে ফ্র্যাঞ্চাইজিতে ঝামেলা হয়েছিল। দলের দেওয়া চেক পরে বাউন্সও হয়েছে। গতকাল বিদেশিরা যখন ম্যাচ বয়কট করেছেন, তখন এনামুল হক ও অন্য দেশি ক্রিকেটাররা সাদা খাম হাতে নিয়ে সেলফি তুলে ফেসবুকে দিয়েছেন। তাসকিনের আশা, এ ধরনের ঝামেলা হবে না এবার, ‘আসলে দেখেন আমাদেরও তো আজকে চেক দেওয়া হয়েছে। ২৫% বাকিটা। আশা করি হবে না (চেক বাউন্স), উইকেটের মত বাউন্স করবে না।’

এভাবে বিদেশিদের ম্যাচ বয়কট বিপিএলের সম্মান নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে। বিসিবি সর্বোচ্চ চেষ্টা করেছিল বিদেশিদের খেলানোর জন্য, কিন্তু তাদের আশ্বাসেও লাভ হয়নি, ‘সবাই যখন চিন্তা করছিল তখন ফারুক সাহেব ফোন করে বলেছে, “টাকা পেতে দেরি হলেও সমস্যা নাই, বিসিবি দেবে তোমরা খেল মন দিয়ে।” আমি তাদের (বিদেশিদের) বলেছি কিন্তু তারা বলছে টাকা না দিলে আমরা খেলব না। আমি আর কী বলব আমিও তো প্লেয়ার (হাসি)।’