দিনের শুরু থেকেই স্টেডিয়াম পাড়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছিল দুর্বার রাজশাহীকে ঘিরে। ম্যাচের দিন টিম হোটেল বদল, বিদেশিদের নিয়ে গুঞ্জন যখন চলছে, তখন খাম হাতে এনামুল হক বিজয়ের ফেসবুক পোস্ট বলছিল সমস্যা সম্ভবত দূর হয়েছে।
কিন্তু বিপিএল ইতিহাসে আগে কখনো যা দেখা যায়নি, সেটাই দেখা গেছে আজ। একাদশে কোনো বিদেশি ক্রিকেটার ছাড়াই আজ রংপুর রাইডার্সের বিপক্ষে খেলতে নামছে ফ্র্যাঞ্চাইজিটি।
অথচ বিপিএলের ম্যাচ প্লেয়িং কন্ডিশনে স্পষ্ট লেখা আছে, যেকোনো সময় ন্যূনতম দুজন থেকে সর্বোচ্চ চারজন বিদেশি ক্রিকেটার মাঠে থাকতে হবে। তাহলে মূল একাদশ তো দূরে থাক, স্কোয়াডেই আজ কোনো বিদেশি ছিল না। টিম হোটেল থেকেই বের হননি কেউ, বিদেশি ক্রিকেটার ছাড়াই স্টেডিয়ামে এসেছে টিম বাস।
এর ব্যাখ্যা দিয়েছে বিসিবি। বিবৃতিতে বিসিবি জানিয়েছে, বিপিএল টেকনিক্যাল কমিটির কাছে আজকের ম্যাচে বিদেশি ক্রিকেটারদের না পাওয়ায় শুধু বাংলাদেশি ক্রিকেটার নিয়ে মাঠে নামার বিশেষ অনুমতি চেয়েছে।
বিসিবি জানিয়েছে ২০২৪-২৫ বিপিএলের প্লেয়িং কন্ডিশনের ১.২.৮ ধারা অনুযায়ী শুধু বাংলাদেশি ক্রিকেটার নিয়ে ম্যাচ খেলার অনুমতি দিয়েছে।
বিদেশিদের ম্যাচে না থাকার রাজশাহীর পারিশ্রমিক ইস্যুটাই আলোচনায় আসছে। এর আগে প্রতিশ্রুত পারিশ্রমিক না পেয়ে চট্টগ্রামে অনুশীলন বর্জন করেছিলেন দলটির স্থানীয় ক্রিকেটাররা। এরপর ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে ২৫% পেমেন্ট দেওয়ার দাবি করা হয়েছিল। কিন্তু সে অর্থ পরিশোধেও নাকি গড়িমসি করা হয়েছে।


হাতে বল লেগে ব্যাংককে মালিকের স্ত্রী, তাই বেতন পাননি তাসকিনরা
বেতন বাকি রেখে আলোচনায় আসা রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা সবাই হোটেলে কেন?
বেতন বকেয়া থাকা রাজশাহীর ক্রিকেটাররা হাতের খামে কী বোঝালেন
