রাহুল গান্ধী এগিয়ে রায়বেরেলিতে

ভারতে চলছে ১৮তম লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা। এই নির্বাচনে উত্তর প্রদেশের রায়বেরেলি থেকে প্রার্থী হয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সকালে পাওয়া ভোট গণনার তথ্য থেকে জানা গেছে, রাহুল গান্ধী রায়বেরেলিতে ১১ হাজার ভোটে এগিয়ে রয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রায়বেরেলি ঐতিহাসিকভাবেই কংগ্রেসের অনুকূলে থাকা আসন। তবে ২০১৯ সালের নির্বাচনে রায়বেরেলির কাছে আমেথিতে বিজেপি নেত্রী স্মৃতি ইরানীর কাছে হেরে গিয়েছিলেন রাহুল। এ কারণে ২০২৪ সালের নির্বাচনে রাহুল স্মৃতি ইরনীর বিরুদ্ধে লড়বেন কি না, তা নিয়ে সংশয় ছিল। পরে তিনি আমেথি নয়, রায়বেরেলি থেকে প্রতিদ্বন্দ্বীতা করার সিদ্ধান্ত নেন।

এর আগে রায়বেরেলির আসনে এমপি ছিলেন রাহুল গান্ধীর মা সোনিয়া গান্ধী। তিনি রাজনীতি থেকে অবসর নেওয়া ঘোষণা দিয়েছেন। যদিও তিনি ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য রয়ে গেছেন।

ভারতের লোকসভা নির্বাচনের ৫৪৩ আসনের ভোটের গণনা শুরু হয়েছে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায়। এখন পর্যন্ত পাওয়া তথ্যে ক্ষমতাসীন বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ ২৭৬ আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ এগিয়ে রয়েছে ১৮৯টি আসনে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতে সরকার গঠনের জন্য কোনও দল বা জোটের প্রয়োজন হয় ২৭২টি আসন।

গত ১৯ এপ্রিল শুরু হয়েছিল ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ। শেষ হয়েছে ১ জুন। দেড় মাসব্যাপী অনুষ্ঠিত এ নির্বাচনে ভোট দিয়েছেন ৬৪ কোটিরও বেশি ভোটার। 

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার গতকাল সোমবার সংবাদ সম্মেলন করে বলেছেন, গণনা ত্রুটি ও সংশয়মুক্ত করতে রোববার বিরোধী দলের নেতারা যেসব দাবি জানিয়েছিলেন, প্রতিটিই মেনে নেওয়া হয়েছে। গণনায় কারচুপি নিয়ে কারও মনে কোনো রকম সন্দেহ বা সংশয় থাকা উচিত নয়।

আরও পড়ুন: