টাঙ্গাইল ও ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। বৃহস্পতিবার রাতে এ দুই দুর্ঘটনা ঘটে।
টাঙ্গাইল
টাঙ্গাইলের মধুপুরে বালুবাহী ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৭ জন।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার রক্তিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক জানান, রাতে জামালপুরগামী একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হয়েছেন অন্ততা ৭ জন।
ওসি জানান, আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
ঝালকাঠি
ঝালকাঠির রাজাপুরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রার দুই যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার বড় কৈবর্তখালি গ্রামের সমবায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে যাত্রী নিয়ে ভান্ডারিয়ার উদ্দেশে আসা একটি মাহিন্দ্রার সঙ্গে ঢাকাগামী যাত্রীবাহী বরিশাল এক্সপ্রেস বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহিন্দ্রার দুই যাত্রী নিহত হন।
দুর্ঘটনায় আহত হন মাহিন্দ্রার চালকসহ আরও চারজন। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর ঢাকাগামী বাসটি ঘটনাস্থল থেকে চলে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে নিহত দুই ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহতরা চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



