পটুয়াখালীর কুয়াকাটায় শিশু শিক্ষার্থীদের ওপর যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে এক ইমামের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, ইমাম বেল্লাল হোসেন মক্তবে পড়তে আসা শিশু শিক্ষার্থীদের ওপর ধারাবাহিক যৌন নির্যাতন করতেন। শনিবার সকালে ইমামকে হাতেনাতে আটক করে স্থানীয় জনতা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ইমাম বেল্লাল দীর্ঘদিন ধরে মক্তবে পড়তে আসা শিশু শিক্ষার্থীদের যৌন নিপীড়ন করে আসছিলেন। ভুক্তভোগী শিশুদের কাছ থেকে বিষয়টি জানার পর অভিভাবক ও এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা ইমামের এমন কর্মকাণ্ড ধরার জন্য ওঁৎ পেতে ছিলেন। অবশেষে শনিবার সকালে হাতেনাতে ধরা পড়ার পর জনরোষের মুখে পড়েন ওই ইমাম। উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
খবর পেয়ে মহিপুর থানা–পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত ইমামকে উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
এ বিষয়ে মহিপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এএসআই) আরিফুর রহমান জানান, ভুক্তভোগী এক শিশুর অভিভাবক বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম জানান, এ ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।



