ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ জেনিফার উইনগেটকে ঘিরে ফের জোরালো হয়েছে বিয়ের গুঞ্জন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, গত ১৬ জুলাই লন্ডনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে দীর্ঘদিনের সঙ্গী উইলিয়াম ইসমাইলের সঙ্গে নতুন জীবনে পা রেখেছেন অভিনেত্রী। তবে বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত মুখ খোলেননি জেনিফার কিংবা উইলিয়াম।
বিয়ের খবর প্রকাশ্যে না এলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওগুলোতে দেখা যায়, একটি স্বনামধন্য ফ্যাশন হাউসে নিজের জন্য কাস্টম-মেড বিয়ের গাউন নির্বাচন করছেন জেনিফার। পরে সেই গাউন পরে ফিটিং ও চূড়ান্ত প্রস্তুতিও নিতে দেখা যায় তাকে।
এদিকে অভিনেত্রীর একটি ফ্যান পেজ গাউনের নকশা তৈরির শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত বেশ কয়েকটি ছবি ও ভিডিও প্রকাশ করেছে। সেখানে বিয়ের পোশাকের সূক্ষ্ম নকশা দেখার পাশাপাশি মাথায় ভেল পরে নিজের লুকও যাচাই করতে দেখা যায় জেনিফারকে। এসব ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে শুভেচ্ছার বন্যা। অনেকেই ধরে নিচ্ছেন, গোপনেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন এই অভিনেত্রী।
উল্লেখ্য, কয়েক মাস ধরেই জেনিফার ও উইলিয়ামের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিল। তবে ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সংযত থাকায় এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি তারা। ফলে বিয়ের খবরটি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হলেও নেটদুনিয়ায় তা নিয়ে আলোচনা থামছেই না।


৪৪ বছরে প্রিয়াঙ্কা, শতকোটির সম্পদের মালিক যেভাবে
