ব্রাহ্মণবাড়িয়া শহরের মুন্সেফপাড়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সাগর মিয়া প্রকাশ রাজু (৩৫) নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। আজ বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ সাগরকে প্রাথমিকভাবে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার ফুলবাড়িয়া এলাকার সাগর ও মুন্সেফপাড়ার ইমন নামে দুই যুবকের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এর জের ধরে আজ সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজুকে গুলি করে ইমন। তবে কি নিয়ে তাদের মধ্যে বিরোধ তা এখনও জানা যায়নি।
গুলিবিদ্ধ সাগর শহরের ফুলবাড়িয়ার আবু সাঈদের ছেলে। জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের মুন্সেফপাড়া এলাকার খ্রিষ্টিয়ান মিশন মেমোরিয়াল হাসপাতালের সামনে দাঁড়িয়ে ছিল সাগর। সে সময় হঠাৎ মোটরসাইকেলে ইমন তার ইসলাম দলবল নিয়ে সেখানে পৌঁছে সাগরকে লক্ষ্য করে গুলি চালায়।
স্থানীয়রা গুলিবিদ্ধ সাগরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছায়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, সন্ধ্যায় শহরের মুন্সেফপাড়ায় প্রতিপক্ষের হামলায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। কে এবং কি কারণে এ ঘটনা ঘটেছে তা এখনও জানতে পারিনি। ঘটনা জানার চেষ্টা করছি আমরা।



