নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক যুবককে অটোরিকশায় তুলে অপহরণের চেষ্টা করে ব্যর্থ হয়ে প্রকাশ্যে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের কালামিয়ারপুল এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ফারুক হোসেন শরীফপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী।
ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। চার মিনিট ৪২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, সকালে শরীফপুর ও হাজীপুর ইউনিয়নের সীমান্তবর্তী কালামিয়ার দোকান এলাকায় একটি চায়ের দোকানের সামনে কয়েকজনের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন ফারুক। এ সময় একটি অটোরিকশায় করে চার থেকে পাঁচজন যুবক সেখানে পৌঁছান। পরে তারা অস্ত্র হাতে নেমে ফারুককে মারধর করতে করতে টেনে-হিঁচড়ে অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টা করেন।
একপর্যায়ে ফারুক তাদের সঙ্গে ধস্তাধস্তি করে অটোরিকশা থেকে নেমে যাওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। পরে গুলিবিদ্ধ ফারুককে সড়কে ফেলে রেখে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ভিডিওতে ফারুককে সড়কে কাতরাতে দেখা যায়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) রাজীব আহমেদ চৌধুরী জানান, সকালে তলপেট ও হাঁটুতে গুলিবিদ্ধ অবস্থায় ফারুক হোসেনকে জরুরি বিভাগে আনা হলে তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার পরবর্তী চিকিৎসা কার্যক্রম পরিচালিত হবে।
বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আ ন ম ইমরান খান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে কয়েকজনকে শনাক্ত করেছে। তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



