চট্টগ্রামের আনোয়ারার বাড়িতে ঢুকে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় তেজস বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে পটিয়া থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
বিষয়টি নশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম। এসপি জানান, এ হত্যাকাণ্ডের পরই প্রধান সন্দেহভাজনকে ধরতে কাজ শুরু করে পুলিশ। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আর্থিক লেনদেন সর্ম্পকিত কারণে এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে অভিযুক্ত তেজস বড়ুয়া।
এসপি আরও জানান, মূলত ভুক্তভোগী এ্যানি বড়ুয়ার কাছ থেকে অটোরিকশা কেনার জন্য ধার নেওয়া ১ লাখ ৭০ হাজার টাকা ফেরত না দিতেই এই ঘটনা ঘটিয়েছেন বলে পুলিশের কাছে জানিয়েছে গ্রেপ্তার ব্যক্তি। এই ঘটনায় এখনও পর্যন্ত অন্য কারো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তারপরও আর কেউ যুক্ত আছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে।
শনিবার রাতে আনোয়ারার পূর্ব কন্যারা গ্রামের চেনামতি বড়ুয়া পাড়ার সুজন বড়ুয়ার স্ত্রী এ্যানি বড়ুয়া এবং তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়াকে আত্নীয় তেজস বড়ুয়া নামে এক ব্যাক্তির বিরুদ্ধে কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় তাঁদের আরও পাঁচ বছর বয়সী সন্তান আহত হয়েছেন। পরে রোববার তেজসকে একমাত্র আসামি করে মামলা করেন সুজন বড়ুয়া।


চট্টগ্রামে বাড়িতে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা 
