কুমিল্লায় যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে ইমরান গাজী (২৮) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় রাহাত ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমরান গাজী চাঁদপুর সদর উপজেলার ফজলুল হক গাজীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতিক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী সিডিএম পরিবহনের একটি বাসকে ফেনী থেকে কুমিল্লাগামী মদিনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সুয়াগাজী এলাকায় পেছন থেকে ধাক্কা দেয়। এতে মদিনা পরিবহনের বাসের সামনের অংশ এবং সিডিএম পরিবহনের বাসের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় সিডিএম পরিবহনের যাত্রী ইমরান গাজী ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আরো অন্তত ১০ জন যাত্রী আহত হন।
ওসি আরও জানান, নিহতের মরদেহ এবং দুর্ঘটনাকবলিত দুটি বাস ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।



