দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণ ও পরীক্ষার্থীদের নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুরে নগরীর ষোলশহর শিক্ষাবোর্ডের সামনে জড়ো হয়ে এইচএসসি পরীক্ষার্থী ও বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এই বিক্ষোভ করেন।
বিক্ষোভে আন্দোলনকারীরা বন্যার কারণে যারা পরীক্ষা দিতে পারেনি তাদের স্বপ্ন ধ্বংস হয়ে গেছে বলে অভিযোগ জানান।
এসময় আন্দোলনকারীরা সকল বোর্ডে দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত, ১৩ জুলাই অনুষ্ঠিত পরীক্ষায় প্রাকৃতিক দুর্যোগের কারণে অনুপস্থিত শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থার দাবি জানান। পাশাপাশি শিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবি জানান।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের এসব দাবি মেনে নেওয়া না হলে আরও কঠোর আন্দোলনের হুঁঁশিয়ারি দেন তারা।
এদিকে বিক্ষোভ চলাকালে মুরাদপুর, দুই নাম্বার গেইটসহ আশেপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়।



