ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৭টায় দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলা হরিপুর মসজিদের কাছে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন–উপজেলার জিংলাতলী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে নজরুল ইসলাম (৬২) ও নজরুলের স্ত্রী ঝরনা বেগম (৪৮)। তাদের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমলাল দাস।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, ফজর নামাজ পড়ে ভোরে জিংলাতলী গ্রামের বাড়ি থেকে হাঁটতে হাঁটতে মহাসড়কের গৌরীপুর ইউনিয়নের হরিপুরের নিকট আসছিল নজরুল ইসলাম ও তার স্ত্রী ঝরনা বেগম। এসময় সময় হঠাৎ অজ্ঞাত গাড়ি তাদের চাপা দিয়ে ফেলে চলে যায়। আনুমানিক এক ঘন্টা পর অন্য পথচারীরা দুইজনকে পরে থাকতে দেখে। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গৌরীপুর হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, তাদের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। মহাসড়কে সিসি ক্যামেরার ফুটেজ দেখে গাড়িটি শানাক্তের চেষ্টা চলছে।


