ফরিদপুরের মধুখালীতে সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় প্রধান আসামি সোহান ওরফে টেরা সোহানকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার সকালে আসামি সোহানকে মাগুরা জেলার শ্রীপুর এলাকা থেকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত করেন র্যাব-১০ এর ফরিদপুর কোম্পানি অধিনায়ক লেফটেন্টে কমান্ডার কে.এম. শাইখ আকতার।
আসামি সোহান ওরফে টেরা সোহান (২৫) জেলার মধুখালী থানার গোন্দারদিয়া গ্রামের শাহ আলমের ছেলে।
লেফটেন্টে কমান্ডার কে.এম. শাইখ আকতার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ২৮ মে মধুখালী থানা এলাকার ৭ম শ্রেণির এক শিক্ষার্থী স্কুলে যাওয়ার জন্য বের হয়ে আর ফিরে আসেনি। পরের দিন মধুখালী থানায় মেয়েটি বাবা সাধারণ ডায়েরি করেন। ২ জুন মধুখালী বাজার এলাকায় মেয়েটিকে খুঁজে পায় তার পরিবার। ৫ দিন নিখোঁজ থাকার বিষয়ে মেয়েটি জানায়, তুহিন ও অজ্ঞাত ২ যুবক তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তুহিনের বাড়িতে নিয়ে যায়। সেখানে নিয়ে সোহান, অন্তর ও তুহিন তাকে মতের বিরুদ্ধ ধর্ষণ করে। পরে অসুস্থ অবস্থায় তাকে একটি বাজারে রেখে চলে যায় তারা।
পরিবার মেয়েটিকে অসুস্থ অবস্থায় মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে মেয়েটি পরিবার ৯ জুন মধুখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে জোরপূর্বক ধর্ষণ ও অপহরণ মামলা দেয়।



