ঢাকার ধামরাইয়ে দিনে দুপুরে মুক্তিপণ না পেয়ে মারধর ও লুটপাট শেষে দুই ব্যক্তিকে প্রাইভেট কার থেকে ফেলে পালানোর সময় অপহরণকারী চক্রের ৪ সদস্যকে আটক করে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে অপহৃত ওই দুই ব্যক্তিকে উদ্ধার করে। এ সময় গণপিটুনির শিকার চারজনকে আটক করে।
আজ শুক্রবার সকালে ধামরাইয়ের নান্নার চাওনা গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী টুটুল হোসেন শেখ ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের বরাত দিয়ে ওসি জানান, ভুক্তভোগী টুটুল হোসেন ও তাঁর সাথে থাকা রফিকুল ইসলাম আশুলিয়ার বাইপাইল থেকে বগুড়া যাওয়ার জন্য একটি প্রাইভেট কারে ওঠেন। প্রাইভেট কারে যাত্রীবেশে থাকা আরও তিনজন কিছুদূর যাওয়ার পর টুটুল ও রফিকুলকে জিম্মি করে। তাদের সঙ্গে নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। পরে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
ওসি জানান, মুক্তিপণের টাকা না পেয়ে অপহরণকারী চক্রের সদস্যরা আশুলিয়ার জিরানী থেকে প্রাইভেট কারটি ঘুরিয়ে ধামরাইয়ের নান্নার চাওনা এলাকায় নিয়ে যায়। সেখানে ভুক্তভোগীদের প্রাইভেট কার থেকে ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে অপহরণকারী চক্রের ৪ সদস্যকে আটক করে গণপিটুনি দেয় এবং প্রাইভেট কারটিতে ভাঙচুর করে।
খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করে। এ সময় অপহরণকারী চক্রের ৪ সদস্যকে আটক করে থানায় নেওয়া হয় বলে জানান ওসি মনিরুল ইসলাম।



