নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি বাল্কহেড ডুবে গেছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে ফতুল্লার লঞ্চঘাটের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
ফতুল্লার পাগলা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান, চাঁদপুরগামী বোগদাদিয়া-১৩ নামে একটি লঞ্চ জান্নাতি নামে বালুভর্তি বাল্কহেডের পেছনের সাইডে ধাক্কা দেয়। এক পর্যায়ে লঞ্চটি বাল্কহেডের ওপড়ে উঠে যায়।
তিনি জানান, তখন লঞ্চটি পেছনের দিকে চালিয়ে বাল্কহেডের ওপর থেকে সরিয়ে নেওয়া হয়। এরপর বাল্কহেডটি দ্রুত ডুবে যায়। এসময় বাল্কহেডে থাকা চালক–শ্রমিকেরা লাফিয়ে নদীতে পড়ে সাঁতরে তীরে উঠে যান।
জাহাঙ্গীর হোসেন বলেন, লঞ্চটিকে জব্দ করেছি। আর বাল্কহেডটি পানিতে ডুবে যাওয়ায় এটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। বালুবোঝাই বাল্কহেডটিতে ৫ জন লোক ছিল। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।



