রাজধানীর গুলশানের নর্দায় বিদ্যুতের পিলারের সঙ্গে বেঁধে গায়ে পানি ঢেলে এক নারীকে নির্যাতনের ঘটনায় ঘটনা ঘটেছে। এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ভিডিও দেখে শনিবার রাতে পাঁচজনকে আটক করে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন- একরাম হোসেন, নাইমুর রহমান, আতিক, শরিফ ও লোকমান।
এর আগে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে গুলশানের নর্দা এলাকার মোড়েল বাজারের মারকাজুত তা'লীম আল ইসলামী নামের মাদরাসার সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনার একটা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, মধ্য বয়স্ক একজন নারীকে বিদ্যুতের পিলারের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। এ সময় তাঁকে ঘিরে উল্লাস করতে দেখা যায় কয়েকজনকে। উল্লাস করতে করতে তারা ওই নারীর শরীরে পানি ঢেলে দেন। তীব্র শীতে ওই নারী জবুথবু হয়ে আছেন।
এদিকে বৈদ্যুতিক পোলের সঙ্গে বেঁধে নারীকে পানি ঢেলে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে পুলিশ ভিডিও দেখে অভিযুক্তদের আটক করে। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
এ নিয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল হাসান গণমাধ্যমকে জানান, এই ঘটনায় কোনো মামলা বা অভিযোগ পাননি তারা। তবে, গতকাল সন্ধ্যায় বিষয়টা তাদের নজরে আসে। পরে ভিডিও দেখে পাঁচজন আটক করা হয়।



