দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে গিয়ে ক্রিকেটার সাকিব আল হাসানের ভক্তদের অভিযোগ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা ও এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শ্যামপুরে এনসিপি আয়োজিত ইফতার মাহফিল শেষে এ বিষয়ে কথা বলেন এনসিপি মুখপাত্র।
আসিফ মাহমুদ বলেন, ‘সাকিব আল হাসানকে খেলতে না দেয়ায় মব সৃষ্টি করে দুদকে অভিযোগ জানানো হয়েছে। দুদকে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হলে তা মেনে নিতে প্রস্তুত আছি।’
এর আগে ইফতার মাহফিলে বক্তব্যে আসিফ মাহমুদ বলেন, ‘নাগরিক সমস্যা সমাধানের মধ্যে দিয়ে নতুন রাজনীতির বিনির্মাণ করতে চায় জাতীয় নাগরিক পার্টি। আগামী স্থানীয় সরকার নির্বাচনকে লক্ষ্য রেখেই নিয়মিত গণসংযোগ চালু করেছে দলটি।’
এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির ওয়ার্ডভিত্তিক এবং কেন্দ্রীয় পর্যায়ের নেতারা। ওয়ার্ডভিত্তিক সমস্যা চিহ্নিত করে তা সমাধানে এনসিপি কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন আসিফ মাহমুদ।
দুদক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করে ২০-৩০ জনের একটি দল সাকিব আল হাসানের পক্ষে স্লোগান দিতে দিতে দুদক কার্যালয়ে জড়ো হয়। পরে সাবেক অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে।



