গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় ঝন্টু মোল্যা (৪৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও সাতজন। আহতদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজ সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ঝন্টু মোল্যা গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর চরপাড়া গ্রামের আখুব্বর মোল্যার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনউজ্জামান।
স্থানীয়দের বরাতে ওসি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ফালগুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে একটি ব্যাটারিচালিত ইজিবাইক ও অপর একটি ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যান চালক ঝন্টু মোল্যা ঘটনাস্থলে নিহত হন। এ সময় ইজিবাইকে থাকা অপর সাত যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় বাসটিকে আটক করেছে পুলিশ।



