কেন্দ্রীয় লাইব্রেরিতে ঢুকে শিক্ষার্থীদের বেধড়ক পেটালেন রাকসুর আম্মার

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৭:৫২ পিএম

কেন্দ্রীয় লাইব্রেরিতে ঢুকে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক এক কর্মীসহ তিন শিক্ষার্থীকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মার ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার বিকেলে এই ঘটনা ঘটে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত রোববার বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের এক নারী শিক্ষার্থী ওই বিভাগেরই আরেক শিক্ষার্থী মহসিন আলমের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তোলেন। এর পরিপ্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষার্থীর সঙ্গে রাতেই একটি সভায় বসেন প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান। এ সময় মহসিনের সঙ্গে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আনাস, হাসিব ও সংস্কৃত বিভাগের মাহমুদুল হাসানসহ আরও কয়েকজন সেখানে যান। মহসিন তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন এবং বিষয়টি নিয়ে প্রক্টরের সঙ্গে কথা-কাটাকাটি হয়।

সোমবারও একই বিষয়ে আরেকটি সভা ডাকেন প্রক্টর। সেই সভায় আনাসকে ছাত্রলীগ কর্মী বলে অভিযোগ করেন রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার ও এসজিএস এস এম সালমান সাব্বিরসহ কয়েকজন। পরে রাকসু নেতারা আনাসের মোবাইল ফোন চেক করে নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ-হীল গালিবসহ কয়েকজন নেতার সঙ্গে তাঁর ছবি খুঁজে বের করেন। এ সময় প্রক্টর কার্যালয়েই আনাসকে মারধর করেন আম্মার ও সালমান সাব্বির।

অভিযোগ রয়েছে, এ ঘটনার পর আনাস, হাসিব, মাহমুদুলসহ কয়েকজন রাকসু ভবনে অতর্কিত হামলা চালান। এতে রাকসুর তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বি এম নাজমুস সাকিব আহত হন। পরে রাকসু নেতারাও তাঁদের ওপর পাল্টা চড়াও হন। এরপর তাঁরা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অবস্থান নেন। পরে সেখানে আসেন রাকসু জিএস আম্মারসহ শিবিরের কয়েকজন নেতা। এ সময় দুই পক্ষের মধ্যে তর্ক হয়। একপর্যায়ে সালাহউদ্দিন আম্মার ওই চার শিক্ষার্থীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন।

এ সময় প্রক্টর মাহবুবর রহমান তাঁদের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে পাঠকক্ষের ভেতরে নিয়ে যান। পরে শিবির ও রাকসু নেতারা অতর্কিতভাবে প্রক্টরকে ধাক্কা দিয়ে পাঠকক্ষে প্রবেশ করেন এবং ওই শিক্ষার্থীদের ব্যাপক মারধর করেন। এ সময় আম্মার ও শিবির নেতাদের হাতে কাঠ, বাঁশ, রড, বেল্ট দেখা যায়। লাইব্রেরিতে থাকা অন্য শিক্ষার্থীরা এগিয়ে এলে তাঁদেরও মারধর করেন আম্মারসহ শিবির নেতারা।

পরে শিক্ষার্থী, প্রক্টরিয়াল বডি ও পুলিশের সহায়তায় আহত শিক্ষার্থীদের উদ্ধার করা হয়। এর মধ্যে গুরুতর আহত মাহমুদুল হাসানকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন সহকারী প্রক্টর অধ্যাপক গিয়াস উদ্দিন। এ সময় তাঁর সেই অবস্থাতেই ফাহিম রেজা ও রমজান আলী নামের দুই শিবির নেতা মাহমুদুলের ওপর ফের হামলা করেন। এ সময় অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে তাঁকে আবারও ব্যাপক পেটানো হয়। পরে প্রক্টরিয়াল বডি, পুলিশ ও শিক্ষার্থীদের সহায়তায় তাঁকে হাসপাতালে পাঠানো হয়।

হামলার প্রতিবাদ জানিয়ে পাঠকক্ষে অধ্যয়নরত পদার্থবিজ্ঞান বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হেলাল উদ্দীন বলেন, ‘আমরা এখানে পড়ছিলাম। সে সময় তারা অতর্কিত রিডিং রুমে ঢুকে পড়ে। তারা যাকে পাচ্ছে তাকেই ছাত্রলীগ ট্যাগ দিচ্ছে। অধ্যয়নরত শিক্ষার্থীদের দিকেও তারা উগ্র হয় এবং হামলা করে। মতের পার্থক্য থাকলেই তাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে মেরে ফেলতে চাচ্ছে। ছাত্রলীগ হলেও তাকে মেরে ফেলার অধিকার তো কারও নাই।’

হামলার শিকার আনাস বলেন, ‘আজকে আমাদের প্রক্টর অফিসে ডাকা হয়। সেখানে তারা আমাকে ছাত্রলীগ ট্যাগ দেয়। সালাউদ্দিন আম্মার লোকজন নিয়ে এসে আমাকে মারা শুরু করে। আমার ওপর কমপক্ষে ২০০টিরও বেশি আঘাত করা হয়েছে। অতীতে আমার বন্ধুরা হয়তো ছাত্রলীগ করতো, তাই হয়তো কোনো এক জায়গায় তাদের সাথে আমার ছবি রয়েছে। তবে ছাত্রলীগের ব্যানার-ফেস্টুনে আমার কোনো ছবি নেই।’

হামলার দায় অস্বীকার করেছেন শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মেহেদী হাসান। তিনি বলেন, ‘এখানে শিবিরের কেউ ছিল না। আমরা আমাদের ভাই রাকসু নেতাদের হামলার কথা শুনে দ্রুত এখানে আসি। এখানে এসে এই পরিস্থিতি দেখতে পাই।’

হামলার ঘটনায় শিবির নেতাদের ভিডিও ফুটেজের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি কোনো মন্তব্য করেননি।

এ বিষয়ে রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, ‘আমাদের রাকসু ভবনে গিয়ে মারধর করেছে ছাত্রলীগের সন্ত্রাসীরা। প্রশাসনকে আমরা ছাত্রলীগের ওই নেতাকে পুলিশে দেওয়ার আহ্বান জানাই। তবে তারা তাকে কিছুই করেনি। আমাদের ওপর হামলার পরে বাধ্য হয়ে আমাদের এখানে আসতে হলো।’

এই ঘটনার নিন্দা জানিয়ে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘যে নারীকে নিয়ে ঝামেলার শুরু, আমরা জেনেছি তাকে শিবিরের এক নেতা পছন্দ করতেন। এই কারণে একটি নারীঘটিত বিষয়কে গোপনে সমাধান না করে শিবিরের সন্ত্রাসী বাহিনী রাজনৈতিক রূপ দিয়েছে। লাইব্রেরির মতো পবিত্র জায়গায় শিবিরের এই হামলার তীব্র নিন্দা জানাই। যারা সাধারণ শিক্ষার্থীদের ছাত্রলীগ ট্যাগ দিয়ে নির্মম হামলা চালিয়েছে, তাদের ছাত্র সংসদের পদ ও ছাত্রত্ব উভয়ই বাতিল করতে হবে।’

তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার পা কেটে ফেলার হুমকি, ছেলে ইসলামিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাফিন আহমেদ জিসানকে তুলে নিয়ে হত্যার হুমকি ও নিজেকে...
স্কুলশিক্ষক রমিজুল করিম নাটোর শহরের কাজ শেষ করে মোটরসাইকেলে করে  নিজ বাড়ি সিংড়ার কলম পুন্ডরী গ্রামে ফিরছিলেন। পথে নাটোর সদর উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের ডাল সড়ক এলাকায় পৌঁছালে নাটোর থেকে বগুড়াগামী...
নওগাঁ শহরের একটি ছাত্রাবাস থেকে ইমন (২৫) নামের এক কলেজশিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের ভাঙ্গাবাড়িয়া মধ্যপাড়া এলাকায় জননী নামের এক ছাত্রাবাস থেকে ওই...
চাঁপাইনবাবগঞ্জে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ডে নয়ন আলী (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
চলতি বছরের গ্রীষ্মে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্রায় ৬ লাখ পুরুষ মশা অবমুক্ত করা হচ্ছে। কর্তৃপক্ষ বলছে, ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা ও ওয়েস্ট নাইল ভাইরাসের মতো প্রাণঘাতী রোগ ছড়ানো স্ত্রী...
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ৩৮তম এবং স্পাইডার-ম্যান সিরিজের এটি চতুর্থ সিনেম। ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত এই সিনেমায় যথারীতি স্পাইডার-ম্যান চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। আর তাঁর নায়িকা...
নানা সীমাবদ্ধতা, ইঞ্জিন সংকট আর ভর্তুকির ওপর নির্ভরতার পরও ঘুরে দাঁড়াচ্ছে রেলওয়ে। বিগত অর্থবছরে রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকার বেশি। তবে এখনও ব্যয়ের সঙ্গে তাল মেলাতে পারছে না সংস্থাটি। বিপুল...
রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়ায় বাসার ছাদে বিদ্যুতায়িত হয়ে মো. সিয়াম নামে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার এক বন্ধু গুরুতর আহত হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
লোডিং...

এলাকার খবর