দুই দিন ধরে নিখোঁজ ছিলেন ব্যবসায়ী, মাটি খুঁড়ে উদ্ধার হলো মরদেহ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ এএম

রাজধানীর লালবাগে একটি পাঁচতলা ভবনের নিচতলার কক্ষের পাশের বারান্দার মাটি খুঁড়ে শেখ ওয়াসিম রনি (৪৩) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৩ লাখ টাকা সুদে নেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে তাকে হত্যা করে মাটির নিচে চাপা দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় মোহাম্মদ মাসুম চৌধুরী নামে একজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে লালবাগে ৯ নম্বর বিসি দাস স্ট্রিটের ওই ভবনে অভিযান শুরু করে লালবাগ থানা পুলিশ। দীর্ঘ সময় অভিযান চালানোর পর শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ভবনের নিচতলার পাশের মাটি খুঁড়ে ওয়াসিম রনির মরদেহ উদ্ধার করা হয়।

পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহ পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সিআইডির ক্রাইম সিন ইউনিট ও ডিবি পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

নিহতের স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, ওয়াসিম রনি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। আটক মাসুম চৌধুরী ইমিটেশন জুয়েলারির ব্যবসা করতেন। যে ভবনের পাশ থেকে ওয়াসিমের মরদেহ উদ্ধার করা হয়েছে, সেই ভবনের নিচতলায় মাসুমের পাইকারি কারখানা ছিল।

মাসুমের দুলাভাইয়ের দাবি, প্রায় আট মাস আগে ওয়াসিম রনির কাছ থেকে তিন লাখ টাকা নিয়েছিলেন মাসুম। ওই টাকার বিপরীতে প্রতি মাসে ৩৫ হাজার টাকা করে দেওয়ার কথা ছিল। পরে মূল টাকা পরিশোধের বিষয়টি নিয়ে ওয়াসিমের সঙ্গে মাসুমের বিরোধ চলছিল।

তিনি জানান, গত ৮ সেপ্টেম্বর দুপুরে পাওনা টাকা চাইতে মাসুমের ব্যবসায়িক প্রতিষ্ঠানে যান ওয়াসিম। সেখানে টাকা চাওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধস্তাধস্তির সময় মাসুম ওয়াসিমের মাথায় ঘুষি মারেন বলে দাবি করেন তিনি। এতে ওয়াসিম অচেতন হয়ে পড়ে যান বলেও জানান তিনি।

পরে ওয়াসিমকে ভবনের পাশের মাটির নিচে পুঁতে রাখা হয় বলে পুলিশের কাছ থেকে জানতে পারেন বলে দাবি করেন মাসুমের দুলাভাই।

নিহতের স্ত্রীর ভাই মুরাদ হোসেন জানান, গত ৮ সেপ্টেম্বর পরিবারের সদস্যদের সঙ্গে ওয়াসিমের যোগাযোগ হয়। ওই দিন তিন লাখ টাকা ফেরত দেওয়ার বিষয়ে একটি চেক দেওয়ার কথা ছিল বলে তারা জানতে পারেন। এরপর দুপুরের পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

মুরাদ বলেন, ওয়াসিম নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। তার সঙ্গে ব্যবসায়িকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হয়। একপর্যায়ে তারা মাসুমের বাড়িতে গিয়ে তার স্ত্রীর সঙ্গে কথা বলেন। তখন মাসুমের স্ত্রী ওয়াসিমের বিষয়ে কিছু জানেন না বলে জানান। শুধু বলেন, ওয়াসিম বাসায় এসেছিলেন, পরে চলে গেছেন।

পরে কোনো সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে লালবাগ থানায় ওয়াসিম নিখোঁজের বিষয়ে অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। একপর্যায়ে পুলিশ জানতে পারে, ওয়াসিমকে হত্যা করে একটি ভবনের নিচতলার পাশের মাটির নিচে চাপা দিয়ে রাখা হয়েছে। পরে ওই স্থানে অভিযান চালিয়ে তার লাশ উদ্ধার করা হয়।

মুরাদ হোসেনের অভিযোগ, ওয়াসিমের লাশ গুম করতে আট বস্তা মাটি এনে বাসার পাশে তাকে মাটিচাপা দেওয়া হয়েছিল। তার দাবি, ওয়াসিমকে হত্যার পর হাত-পা বেঁধে মাটির নিচে চাপা দেওয়া হয়।

তিনি বলেন, ‘আমার বোনের স্বামীকে হত্যা করা হয়েছে। এখন আমার বোন ও পরিবারের কী হবে, তা নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীর সর্বোচ্চ শাস্তি চাই।’

তবে ওয়াসিমের শরীরে কী ধরনের আঘাত ছিল, কীভাবে তার মৃত্যু হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ কী—এসবময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষ হওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৮ সেপ্টেম্বর ওয়াসিম রনি নিখোঁজ হওয়ার পর তার স্বজনরা থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযুক্তের ব্যবসায়িক প্রতিষ্ঠানের নিচতলার পাশের মাটির নিচ থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

ডিসি তালেবুর রহমান আরও জানান, এ ঘটনায় মোহাম্মদ মাসুম চৌধুরীকে আটক করা হয়েছে। উদ্ধার করা লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না, হত্যার প্রকৃত কারণ এবং ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাই কান্দি গ্রামের মো. জামাল মিয়া। বৃহস্পতিবার রাতে সাউথ আফ্রিকা সময় রাত সাড়ে ১১টার দিকে এ...
দূরপাল্লার বাসে অবৈধভাবে মামলা ও বাস ডাম্পিংয়ের অভিযোগে রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ড সংলগ্ন সড়ক অবরোধ করেছেন বাস মালিক ও শ্রমিকরা। বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে কোনো পূর্বঘোষণা ছাড়াই সড়কে নামেন...
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত মো. জামাল মিয়া উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাইকান্দি গ্রামের বাসিন্দা। স্থানীয় সময় গত ৯...
রাজধানীর মহাখালীতে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।
রাজধানীর বাজারে কাঁচা মরিচের দাম কিছুটা কমলেও এখনো বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। তবে বেশিরভাগ সবজির দাম স্থিতিশীল, বিক্রি হচ্ছে ৩০ থেকে ৬০ টাকার মধ্যে। অন্যদিকে বেড়েছে চিনি আর ভোজ্যতেলের দাম।
চরমপন্থী আতঙ্কে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বাসিন্দারা। দুই মাসে অন্তত ৩০টি পরিবারের কাছে চাঁদা চেয়ে চিঠি দেওয়া হয়েছে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নামে। ভয়ে অনেকে এলাকা ছেড়েছেন। পুলিশ নজরদারি বাড়ালেও...
বিশ্ব রাজনীতির দৃশ্যপট পাল্টে দেওয়া নাইন-ইলেভেন হামলার ২৫ বছর পূর্তি আজ। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলায় নিউইয়র্কে টুইন টাওয়ার ধ্বংস এবং ভার্জিনিয়ায় পেন্টাগন কার্যালয়ের ব্যাপক ক্ষতি হয়। মারা যান...
দুটি রাডারের তথ্য নিয়ে চলছে আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার কাজ। কক্সাবাজার ও খেপুপাড়ার রাডার অকার্যকর থাকায় গভীর সমুদ্রের তথ্য সরাসরি পাওয়া যাচ্ছে না। তবে গাণিতিক মডেল ও আড়াই শতাধিক সয়ংক্রিয় স্টেশনের...
লোডিং...

এলাকার খবর