রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তার সামাদ সুপার মার্কেটের সামনে চারটি ককটেলের বিস্ফোরণ হয়েছে। এতে মো. বিল্লাল (৩২) নামে এক রিকশাচালক আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তায় ঢাকা–মাওয়া মহাসড়কের ইনকামিং অংশে সামাদ সুপার মার্কেটের সামনে এ বিস্ফোরণ হয়।
পুলিশের এক বার্তার তথ্য অনুযায়ী, অজ্ঞাত ব্যক্তিরা পরপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটালে রিকশাচালক বিল্লাল আহত হন। পরে তাকে যাত্রাবাড়ী থানায় নেওয়া হয়।
আহত বিল্লালের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ এলাকায়। তার বাবার নাম শহিদ এবং মায়ের নাম বিবি আয়শা। বর্তমানে তিনি যাত্রাবাড়ী থানায় রয়েছেন। পুলিশ তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।



