কক্সবাজারের টুপটুপ রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের তিন সদস্যকে নারায়ণগঞ্জে দাফন করা হয়েছে। বুধবার বাদ জোহর নারায়ণগঞ্জের বায়তুল নাজাত জামে মসজিদে জানাজা শেষে দাপা ইদ্রাকপুর কবরস্থানে তাদের দাফন করা হয়।
নিহতরা হলেন—নাফিজ তেহামি, তার বড় বোন ফারিয়া কবির এবং ফারিয়ার সাত বছর বয়সী ছেলে ফাইজান নূর। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, তাদের দাদার কবরের পাশেই সমাহিত করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহতদের দাদা ও নানার বাড়ি নারায়ণগঞ্জে। নাফিজ তেহামির বাবা জিহাদুল কবির একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। ফারিয়া কবিরের স্বামী নূর আলম ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডে কর্মরত রয়েছেন।
নাফিজ তেহামি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার প্রোগ্রামের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। আর ফারিয়া কবিরের ছেলে ফাইজান নূর চুয়াডাঙ্গার প্রদীপন মাধ্যমিক বিদ্যাপীঠের কেজি-টু শ্রেণিতে পড়ত।
একসঙ্গে পরিবারের তিন সদস্যকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন স্বজনেরা। তাদের অভিযোগ, রিসোর্টগুলোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা এবং এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে মোট ১১ জনের মৃত্যু হয়।


