সাগরে ইঞ্জিন বিকল হয়ে পাঁচ দিন ধরে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ৮ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার তাদের উদ্ধার করা হয়।
শুক্রবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ১৯ সেপ্টেম্বর সকালে সুন্দরবনের কোকিলমনি থেকে ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ইঞ্জিন বিকল হয়ে পড়ে ফিশিং বোটটি। কয়েকদিন পর বৃহস্পতিবার বিকেলে বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে এক জেলে মালিকপক্ষকে বিষয়টি জানান। পরবর্তীতে বোট মালিক কোস্ট গার্ড পশ্চিম জোনের সহায়তা চান।
সাব্বির আলম সুজন জানান, খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন কোকিলমনি দ্রুত অভিযান চালিয়ে সাগরের বুক থেকে বিকল বোটসহ ৮ জেলেকে নিরাপদে উদ্ধার করে। তাদের প্রাথমিক চিকিৎসা ও খাবার দেওয়া হয়েছে। বোটটি জেলেদেরসহ মালিকপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
জেলের প্রাণ রক্ষায় এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে কোস্ট গার্ড।



